মোকামতলা
নুসরাত নুসিন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাঁটার বাসনা অধীর হচ্ছে।
প্রাণের ভেতর সুগন্ধী দহকাল।
সমস্ত আঁচড় মাধুডাঙার তীরে দুমড়ে উঠছে!
যেন ভ্রমের পাখির আওয়াজ বন্দি করেছে।
পদ্মার খরস্রোত কণ্ঠে তুলে নিয়েছি। ঘাসেরাও
মর্মরে মরে। আবর্তন করছে যত গোলকধাঁধা,
তার ঘূর্ণনবিদ্যা বুঝি না।
গুঞ্জরণ যত তা ওই ভাঁটফুলের,
সুগন্ধী দহকাল তা ওই মাধুডাঙার।
এও এক রসের মোকামতলা।
আধেক ফুটে আছে লীলা।
