বসন্তের উদার সৌন্দর্য

গোলাম কিবরিয়া পিনু

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ইটবাঁধানো কষ্ট নিয়ে

বসন্ত এলো,

কাঁচামাটি দিয়ে তৈরি ঘরে!

বসন্তের অন্তরা খুলে ঘনিষ্ঠ হবো

অন্তরাত্মা শান্তি পাবে বলে

আমিও সবুজের মূলধন নিয়ে

নিজের হৃদয়ে সম্পাদকীয় লিখতে চেয়েছিলাম!

কিন্তু এবারের বসন্তে-

যে কুঁড়ি ফুটতে চাইছিল,

তা আর ফুটল না-

পুষ্পবাগানও হতবাক হলো!

বসন্তের দিনেও আত্মকলহ ও আত্মকর্তৃত্বে

কাঁচাগোল্লা খেয়ে নেয় কাঁচপোকা,

আমাদের আত্মনাশ হলো-

অন্তর্গত সৌন্দর্য আর থাকল না!

আমরা আশ্বাস পেয়েছিলামণ্ড

রক্তগোলাপ বৃন্তচ্যুত হবে না,

আমরাও আশ্রয়চ্যুত হবো না!

এই বসন্তে-

বসন্ত রোগের প্রাদুর্ভাব ও মহামারিতে,

দুই চোখ অন্ধ হয়ে গেল!

ভেবেছিলাম বন্ধ চোখগুলো

এক এক করে খুলে যাবে,

বসন্তের উদার সৌন্দর্যে!