ভালোবাসা নিঃশর্ত হোক
অনিকেত সুর
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভালোবাসা নিঃশর্ত হোক
যেমন নিঃশর্ত হয় ভোর
জলপতনের ধ্বনি।
সবাই নিসর্গে যাবে
যেমন নিঃশর্ত যায় নদী
বীজপাতা খুলে দিয়ে যেমন উদ্ভিদ
হৃদয়ে ধরিত্রী মাখে।
যেটুকু ধরেছো তুমি
লুকোছাপা-খেলা দুই হাতে
তারও বেশি
ঝরে পড়ে নীল নীলাকাশ হতে
পাখিদের মৌনতা ভাঙে রাতভোর, প্রাতে।
ভালোবাসা নিঃশর্ত হোক
যেমন নিঃশব্দ বাড়ায় হাত ঘুমছায়া বট
গোধূলির আঙুল ছুঁয়ে চুপে
ঘন হয়ে নামে রাত আমাদের ঘরে
যেমন নিঃশর্ত ছড়ানো এই ট্রপোস্ফিয়ার
হিরণ ধূলির পথ, পলি সমতল
আর আলো ফুটলেই আয়নায়
অবলীলায়িত কারো ছায়াপাত-
আমাদের বোধের ভেতরে
বীজফোটা দিন, ছায়াময় ব্যাকুলতা
নদী ও প্রভাত...
