রক্তের বিলাপ
খৈয়াম কাদের
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রেমের কবিতা লিখতে চাই, লিখতে চাই
দর্শন নন্দন চারুকলা নিয়ে;
লিখতে চাই নারীর ঐশ্বর্য আর
প্রকৃতির বিপুলতা নিয়ে।
মননে বুনতে চাই
লালন রবি ও হাছনের আধ্যাত্ম মেহন;
কিন্তু সামনে দাঁড়িয়ে যায় গাজা রাখাইন
সামনে দাঁড়িয়ে যায় কারগিল ও ক্বাচিন!
কবিতা লিখতে গেলে ইউক্রেন কেঁদে ওঠে
গাজার মৃতরা জেগে ওঠে; বোমাদগ্ধ শিশুদের মৃতমুখ
মায়েদের বাবাদের ছিন্নভিন্ন দেহ বিধ্বস্ত বসতভিটা
কবিকে বিমর্ষ করে, স্তব্ধ করে কলমের গতি;
মুহুর্মুহু গর্জে ওঠে বিধ্বংসী অস্ত্রের ক্ষুধা
অসুরদের রক্ত-তৃষ্ণার বিবিধ জিকির ;
পৈশাচিক দম্ভণ্ডরোষে দ্রিমদ্রিম কাঁপছে পৃথিবী
সে আর নিচ্ছে না কবিতার বীজ, দিচ্ছে না ছন্দের ভ্রুণ!
দজলা ফোরাত ও পারস্য সাগরের বুকে
জলের তরঙ্গে শুধু রক্তের বিলাপ দোলে
ভূমধ্য আকাশে ওড়ে বিবেকের লাশ;
পুরো পৃথিবী এখন বধ্যভূমি
প্রেম পোড়ানোর ঘাতক শ্মশান।
লোভের কঙ্কাল সত্যের সম্ভ্রম ছিঁড়ে খায়-
কবিরা কোমায় যায়, কবিতাও ফিরে যায় প্রহসন পুরে
কোথাও বাজে না আর রূপক-প্রতীক-রাঙা হৃদয়ের গান।
