বিদ্রোহী চিরঞ্জীব

তানজিদ শুভ্র

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জাগরণের গান শুনিয়ে ভাঙলে ঘুমের ঘোর,

পরাধীনতার আঁধার চিরে আনলে নতুন ভোর।

তুমি আমাদের জাতীয় কবি, দ্রোহ-প্রেমের বীর,

তোমার সুরেই শান্ত হয় যে অশান্ত সমীর।

ময়মনসিংহের ত্রিশালজুড়ে তোমার স্মৃতি ভাসে,

দরিরামপুর আজও যেন তোমার ছোঁয়ায় হাসে।

বালকবেলার সেই যে ছায়া বট-পাকুড়ের ডালে,

তোমার নামের সুর বাজে আজ ও কালের তালে।

সাম্যের গান গেয়েছো তুমি শৃঙ্খল ভাঙার গানে,

অগ্নিবীণার সুর ছুঁয়েছে কোটি বাঙালির প্রাণে।

দুঃখীজনের আপন হয়ে ঘোচালে সব ভেদাভেদ,

তোমার লেখায় মুছেছিল জাত-পাতের সব খেদ।

একশ’ সাতাশ বছর পেরিয়ে তুমি আজও চিরঞ্জীব,

বাঙালির বুকে জ্বলছে সদাই তোমার শিখার দীপ।

ত্রিশালজুড়ে বাজছে আজও তোমার সাম্যের গান,

বাঙালির বুকে চির অমলিন তোমার অমর প্রাণ।