প্রেম ও বিপ্লব দীর্ঘজীবী হও

সাজেদুল ইসলাম

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

খুঁজে পাওয়া চাবি গুচ্ছের মতো

তোমাকে ফিরে পেতে মন চায়-

প্রেম ও বিপ্লবের মতো ক্ষয়িষ্ণু হৃদয় নিয়ে

হেঁটে যেতে ইচ্ছে হয় অচেনা গন্তব্যে।

তোমার ভেতরে এক নরক যন্ত্রণা আছে,

আছে সুখের মদিরা।

নভেম্বরে তুমি এক পেয়ালা শরবত পাঠাও

আমি পাঠাই ফুল

এভাবে তুমি কামিনী হয়ে ওঠো,

নিষ্ঠাবান যুবকের মতো হতাশায় কাতরাই আমি।

পৃথিবীর সব মানুষের প্রেম ও পরান পোড়ার

একই সিলসিলা দেখে ঘৃণা আর বিতৃষ্ণা ভিড় করে, মায়াও হয়।