নামতা

রেজাউদ্দিন স্টালিন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আষাঢ় গেলো শ্রাবণ এলো,

জীবন তবু এলোমেলো।

ভাদ্রে ভাবি ঠিক হবে সব,

আশ্বিনে ঘর-জানলা নিরব।

কার্তিকে নেই কহুকেকা,

অগ্রহায়ণে দায় যে টেকা।

পৌষে ভাবি উষ্ণ হবো,

মাঘ এসে কয় জাড় তাড়াবো।

ফাল্গুনে ফুল ফুটলো বলে,

চৈত্র রাগে উঠলো জ্বলে।

বৈশাখে বুক ভাঙে ঝড়ে,

জৈষ্ঠ্য দুখের নামতা পড়ে।