হে আমার প্রয়তি
রফিকুল ইসলাম
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আজ যখন প্রণয়ী ব্যস্ততায় বিছায় আকাশ
দিগন্ত ছুঁয়ে সপ্তর্ষি ঘুমিয়ে গেছে দিনে,
তোমার এলোচুলের মতো মেঘে ঢেকেছে রাত্রি
মুষলধারে বৃষ্টির তালে দুলছে গাঢ় অন্ধকার
বৃষ্টির তুমুল ছন্দ লয়ে নেচে উন্মাদ ময়ূরী।
তোমার চোখের জল ধার নিয়ে কি শ্রাবণ ঝরছে
যে শ্রাবণের বৃষ্টিতে ভিজেও আমি পুড়ি,
বর্ষার ভরা নদীতে ডুবেও আমার তৃষ্ণা মেটে না।
কে বা নাজানে, চাঁদের আলো ছাড়া রাতের বাসর রচে না-
জোনাকির আলো ছাড়া রাতের ফুলশয্যায়
আতশবাজি ফোটে না, আর তারার উপস্থিতি ছাড়া
জমে না আকাশে আনন্দ মেলা।
তবে কেন আজ তুমি প্রতিশ্রুতি ভুলে
অচেনা বন্দরে আমার এই বিরহ দিনে
আকাশে চাঁদ আলো ছড়াক তোমার মুখের মতো
তোমার আঙুলের আলো নিয়ে জোনাকিরা জ্বলুক
আর মুখের হাসিতে জমে থাক তারাদের মেলা।
হে আমার প্রিয়তি
কেন আজ নিস্পৃহ আমার ক্রান্তিকালে
কেন আজ এ অভিমান আমার নিঃসঙ্গ বর্ষায়।
