অর্বাচীন সময়
আনিস ফারদীন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বুক যন্ত্রণায় আয়নার সামনে দাঁড়িয়ে
ভ্যাবাচেকা খায় সময়, সমস্ত চরাচর;
স্মৃতির বালুচর ফেটে পড়ে অট্টহাসিতে
অস্ফুট ক্লান্তিতে নুয়ে পড়ে সমস্ত দিন।
সর্পিল ঘূর্ণিতে গোত্তা খায় ঘুড়ির মতো
নিয়ন্ত্রণহীন কোনো এক যাযাবর যেন;
এগোতে গিয়ে শুধুই পেছাতে থাকে যে
যার গন্তব্য দুর্বাবিহীন মরুর উষর পথ।
অদ্ভুত অস্পষ্ট গোঙানিতে ভেঙে যায় ঘুম
নুয়ে পড়া শিরদাঁড়া সোজা হয় না আর—
কালের চাহনিতে ভিড়ে একরাশ দুঃখ, গ্লানি
বিষণ্ণতায় মুষড়ে পড়ে সমস্ত এক জীবন।
নিকষ কালো অন্ধকার, হা-হুতাশের পারদ
যে জীবনে লেপ্টে থাকে ছন্নছাড়া অতীত;
সময়ের বেড়াজালে সব অসহায়,অর্বাচীন
উন্মুক্ত পথে কেটে যায় জেল বন্দি জীবন।
