শবযাত্রা

জাকিয়া নূর মতিন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সারি বেঁধে দাঁড়িয়ে থাকা তোমাদের

যখন একে একে হত্যা করা হলো,

পাখিদের আর্তনাদে ছেয়ে গেল শহর।

কাঠবেড়ালীরা আতঙ্কে হারালো দিশা।

সীসা আর বেগুনি রশ্মির মিশ্রিত প্রলেপে

শহরের রঙ হয়ে গেল ধূসর। ঘেমে উঠলো

সে।গলিত লাভার মত কালো পিচে বাঁধাই

হলো- না তোমাদের নামে গড়া কোন

মনুমেন্ট নয়, বাঁধাই হলো নিশ্চিহ্ন হয়ে

যাওয়া তোমাদের বসত ভিটার মাটি।

তোমাদের শবযাত্রায় অগণিত মানুষের

ঢল নেমেছিল সেদিন। সে ঢল কোন

শোকের মিছিল নয়, নয় শেষ বিদায়ের।

নিলামের উচ্চ মূল্যে তোমাদেরকে জয়ের

প্রতিযোগিতা ছিল সেই ঢল। তোমাদের

বিদায় বেলায় কোথাও কেউ কাঁদেনি

সেদিন। শুধু কেঁদেছিল একজন কবি।

কারণ, শবযাত্রায় প্রতিটি কফিনে তোমাদের

সাথে শায়িত ছিল তাঁর একেকটি কবিতা।