এই দেশে কবিতা লিখে

তানভীর আহমেদ হৃদয়

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মানচিত্রে এখনও নদীর নীল শিরা জেগে থাকে,

তবু মানুষের চোখে জমে ওঠে অনাহারের ধুলো।

স্বপ্নগুলো এখানে রোজই নিলামে ওঠে,

বিবেকের দামে বিকিয়ে যায় আগামী সকাল।

রাগ জমে থাকে বুকের ভেতর, তবু পতাকার রঙে মাথা নত হয় না-

মাটির কাছে এখনও ঋণী থেকে যায় সমস্ত অভিমান।

ক্ষোভ আছে, কারণ ভালোবাসা এখনও মরে যায়নি;

দুঃখ আছে, কারণ প্রতিশ্রুতিগুলো বারবার ভাঙে।

তবু অহংকারে বলি— এই দেশই রক্তের প্রথম উচ্চারণ,

শেষ নিঃশ্বাসের আপন ঠিকানা।

এই দেশে কবিতা লিখে ভাত জোটে না প্রিয়।