জগলুল হায়দারের ছড়া
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নয়া পানি নুতুন মাছ
নুতুন পানির ঢল
খলসে পুঁটির দল
ছলাত ছলাত নাচে
আনন্দে খুব বাঁচে।
খোকাখুকুর দল
চলরে তবে চল
মাছের সাথে মিলে
খেলব বিলে ঝিলে।
ঘুড়ি
এই যে ঘুড়ি অই যে ঘুড়ি
কত্ত ঘুড়ি উড়ে
একটা ঘুড়ি খুব কাছে আর
একটা অনেক দূরে।
ঘুড়ি ঘুড়ি বাহাদুরি
ভোকাট্টার খেলা
খেলতে খেলতে দস্যি ছেলের
পার হয়ে যায় বেলা।
পোকা খোকা
পোকার মায়ের আদুরে ডাক
কোথায় গেলি খোকা
দাঁড়াও দাঁড়াও আসছি বলে
পালিয়ে গেলো পোকা।
পালিয়ে গিয়ে পাতার সাথে
গল্প করে একা
ইতিউতি খুঁজে মা আর
পায় না পোকার দেখা।
