নির্বাসন
শফিক হাসান
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সততার সভ্যতা বহু আগেই নির্বাসনে পৌঁছেছে
যতকিঞ্চিৎ রোদ্দুর হারিয়েছে কুঞ্ঝটিকার আড়ালে
নোম্যান্সল্যান্ডে খেলা করে অবিরত কথা-উৎসব
মাথা-পা অবধি কিলবিলানো চলাচল গুটি-পোকার
খোঁড়ল করে চলে আগপাশতলা গহ্বরে অভ্যন্তরে!
জন্মসূত্রে পাওয়া গিয়েছিল মানবাকৃতির অঙ্গসমূহ
মানুষ হওয়ার জন্য তাই বড় কোনো শর্তও নেই...
জনতার নেতা হতে চাই এখন লাভজনক প্রজেক্ট
অশান্তিপ্রেমী ভাই-ভগিণীরা চালাচ্ছে প্রচার-তাণ্ডব
গাঢ় অন্ধকারে পাক খাচ্ছে প্রহসনের মানব শব্দটি
আহা মানবতা ওরে মানবাধিকার কোথায় লুকালি
দু’কান পেতে শুনে রাখ দরদ গন্ধমাখা শব্দরাশি!
