ঠিকানা

নুরুল ইসলাম বাবুল

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আলপথে রোদ্দুর মেপে হেঁটে যাই রোজ

যেতে যেতে চিনে গেছি সীমানা নিজের,

কানুনগো বুঝায় তবু জমিনের মাপ,

স্বজনেরা লিখে রাখে লাভের হিসেব;

সংশয়হীন ভুলি আমি বিত্তের গণিত।

আলপথে রোদ্দুর ছুঁয়ে ফিরে এসে দেখি

বারান্দায় ঝুলে আছে গোধূলি বিকেল,

কতোটা কুলাবে আর ক্ষয়ে যাওয়া আয়ু!

আমি তো চাই না অতো বিষয়-আশয়

শুধু সাড়ে তিন হাত ভূমিটুকু দাও,

দুই চোখে দেখে নিই ঠিকানা আমার।