স্বর্গধাম মিউজিয়াম
গাফফার মাহমুদ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমাদের বসত ঘরটি এখন যেন সন্ধ্যানদীপাড়ের মিউজিয়াম
নাগরাজুতো মেজেতে ছড়িয়ে আছে স্মৃতিপট বাবাই শুধু
মায়ের জায়নামাজ-তসবীদানা তখততাকে ঝুলে আছে
ও মিয়াভাই-ও সেজভাই মনে আছে কি এই ঘরের স্মৃতি?
একই কাঁথায় শুইয়ে-শুইয়ে বাবার পরণকথায় রাত্রিপার
চেরাগবাতি জ্বেলে ভাই-বোনদের মুখস্তপাঠ ইশকুলবেলা
মায়ের মুখে আয়াতুল কুরসী কী মধুর সুর কোরআনধ্বনি
ও বড়বুয়া- ছোট্টবুয়া উঠোনে গোলপাতাবোনা কি মনে আছে?
দশ ভাই-বোনের আনন্দধাম এই ঘরটিই ছিল বাবার স্বর্গ
শীতলপাটি বিছিয়ে শুইয়ে থেকে মায়ের হাতের বিলিকাটা
তালপাখায় বাতাস করে কতো রাতজেগে ছিলেন মা আমাদের
বাবুইপাখির মতো বাসা ছেড়ে গেলেও ঘরটিই যেন এখন মসজিদসম।
