কবি ও কবিতা
আবুল কালাম তালুকদার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কবিতা ভালোলাগার একমাত্র মাধ্যম। মনের গভীরতম আবেগ ও অনুভূতির ছান্দনিক প্রকাশ। এটি কেবল শব্দ বা ছন্দের বিন্যাশ নয়, এর সঠিক চর্চায় ভুলে যাওয়া যায় জীবনের বিরহ। কবিতার সত্য সুন্দর রূপায়ণে মনকে করে সুষমামণ্ডিত। একটি ভালো কবিতা পাঠে দুঃখ, দ্রোহ ও বেদনাকে ভুলে গিয়ে মনের ক্যানভাসে তৈরি হয় সুখের অনুভূতি
তুমি মেঘবতী শুভ্র মেয়ে
শিউলি ফোটা ভোরে এসেছে বিনয়ের শরৎ
মেঘের মলাটে সেজেছে সবুজ পৃথিবীতে
বাতাস আলিঙ্গনে কাশফুলের অবারিত সময়
বকের সাদা ডানায় এসেছে শরতের শুভ্রতা।
বৃষ্টির নির্জনে শরৎ বন্দনা
কালো মেঘে ভেঙেছে রোদের দেয়াল
আশ্বিনের বাতাসে দীর্ঘশ্বাস নেই বলে
তোমার পছন্দ শরতের নির্মল আকাশ।
মেঘবতী শুভ্র মেয়ে তুমি!
তাই তোমার প্রশান্তি আগমনে
জীবনে এসেছে মেঘের মতো নরোম সুখ।
পৃথিবীতে বাড়ছে বিরহ
বৃষ্টিতে ভিজে যাচ্ছে রাতের জোসনা
বিরহের কুয়াশায় জেগে ওঠে না ভোর
বিষাদের বর্ষণে শোকের শ্রাবণ
রক্ত ঝরা পথে ফুটে থাকে দুঃখ গোলাপ
অবিন্যস্ত সময়ে অনন্তের অপেক্ষা
কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে সুখের দিন
দীর্ঘ দূরত্বে বাড়ছে বেদনার বয়স
রক্তাক্ত বনে বেড়ে যায় পাখিদের বিরহ
বেদনার বাতাসে ঝরে পড়ে বাগানের ফুল
বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে অগণিত প্রাণ
ক্ষুধার্ত দৈত্যের গিলে খাওয়া পৃথিবীতে বাড়ছে বিরহ।
তোমার প্রেমে
তোমার মেঘের মতোন প্রেমে ভিজে যায় দেহ মন
দূরত্বের ব্যবধান কমে গিয়ে
সামনে আসে আড়ালের সব সুখ
শীতল স্পর্শে নিভে যায় দুঃখের দাবানল
জাগ্রত প্রেমে হয় বিষাদের অবসান
তোমার প্রেম ছুঁয়েছি শত-কোটিবার
তবুও প্রতিদিন বেড়ে যায় তোমাকে
না ছুঁয়ার অতৃপ্তি
তোমার স্নিগ্ধতায় বেলা শেষের রাতে
পালিয়ে যায় অন্ধকার
তোমার পবিত্র প্রেমে শূণ্য হৃদয় ভরে যায় পূর্ণতায়
একাকিত্বের অবসানে সুখের প্রভাতে
হারিয়ে যায় বোবা কষ্ট।
থাকবে না কোনো লেশ
আমি রোদে পুড়ে নেবো জীবনের স্বাদ
বৃষ্টিতে ভিজে গুছাব অপবাদ
আমি শতো ভয়কে নিমিষে করব জয়
চোখের কোণে বিষাদে হব তৃপ্তিময়
আমি ফুলের সুবাসে হব সুবাসিত
সকলের ভালোবাসায় হব সমাদৃত।
আমি ভোরের শিশিরের হব সিক্ত
অন্যায় আঘাতে কাউকে করব না তিক্ত
আমি দিনের আলোয় সাজাব সুখ
রাতের আঁধারে মিশাব সব দুঃখ
আমি পাখির মতো ঘুরব সারা দেশ
চিন্তা-চেতনায় থাকবে না কোনো লেশ।
