অদৃশ্য জলরং

জহিরুল হক বিদ্যুৎ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বোধের ক্যানভাসে কেউ কী এঁকে যায়

অদৃশ্য কোনো জলরং?

যেখানে রঙের টানে মিশে থাকে

মেঠোপথের ক্লান্তি আর ধুলোমাখা দুপুর।

রোদঝলমলে চায়ের কাপে

জীবনের ছোট ছোট সকাল নামে।

ভাঙা জানালার ফাঁক দিয়ে উড়ে আসে

পুরোনো সব চিঠির গন্ধ,

যেখানে দীর্ঘশ্বাসের মতো জমে থাকে

অপ্রকাশিত কালো-ধূসর মেঘ।

এই যে রোদে পুড়ে যাওয়া বিবর্ণ দুপুর,

যেখানে লুকিয়ে থাকে ফিনিক্স পাখির রূপান্তর।

মুখোশের আড়ালে ক্লান্ত মেঘ জানে

একা থাকার দীর্ঘ পথ,

আর অপূর্ণতার বুক চিরে ফুটিয়ে তোলে

এক ফালি সবুজ ঘাস।