আবার স্বপ্ন দেখব

সুবর্ণা দাস 

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ভাবিনি কখনো বৃষ্টি হবে—

আবার সবুজ হবে জীর্ণ জীবন 

ভাবিনি কখনো জোয়ার আসবে 

মরা নদী আবার ফিরে পাবে তার পূর্ণ যৌবন। 

তুমি এলে,

তুমি এলে— মরুর বুকে প্লাবন হয়ে, 

তুমি এলে— চৈত্র বেলায় শ্রাবণ হয়ে

তুমি এলে নীল জোছনায় শরৎ হয়ে

তুমি এলে মন সাধনার ফাগুন হয়ে

কোকিলের কুহুতানে বসন্তের ঘুম ভাঙল

শাখে শাখে ফুল ফুটল,

সুবাসে মুখরিত হলো দখিনা সমীরণ। 

আমি হাসলাম, ভালোবাসলাম

হাতে তুলে নিলাম আমার স্বপ্নমসি,

নতুন করে আবার লিখতে শুরু করলাম

অসমাপ্ত প্রেমের প্রিয় উপন্যাসখানা।

যার নাম 'ভালোবাসা'।