আমাকে ভুলে যাও

মোস্তাফিজুল হক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কবিতার প্রকরণে মূঢ়, নিরেট গো-মূর্খ আমি,

আমার স্নায়ুতন্ত্র অচল, অনাবৃত শব্দে নামি।

বোধিবৃক্ষসম শব্দযোগী শাপ দিয়ে যায় সেধে,

বলো তো, কী করে এই আমি পদ্যে শব্দ রাখি বেঁধে?

ছবি আঁকাতে বলো না প্রিয়, সে বড় কঠিন কাজ,

আমার অবসাঙ্গ দু-হাত, বোঝে না তুলির ভাঁজ;

বুঝি না দূরত্ব অনুপাত, রেখা ও রঙের ভাষা—

আমার ভেতরে চোখ নেই, দেখিনি গাঁয়ের চাষা।

আমাকে লিখতে বলো না গান, অসুরত্বে ডুবে মৃত;

কে আমাকে দেবে প্রাণ, ফুলের পরাগ ও অমৃত?

এবার আমাকে ভুলে যাও, কখনো রেখো না মনে,

পরভৃৎ হয়ে উড়ে যাব, চলে যাব কোনো বনে...