মেঘরঙ এবং তুমি
শাহীন রেজা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মেঘরঙ শাড়িতে তোমাকে দারুণ মানায়
অথচ তুমি মেঘ ভালোবাসো না, বৃষ্টিও—
ঝরার আনন্দ তোমাকে স্পর্শ করে না একদম
ভালোবাসবে অথচ পতনের স্বাদ নেবে না;
তা কি করে হয়?
তোমার জন্য সূর্যকে বিদায় জানিয়েছি
সমস্ত নীপবনে টাঙ্গিয়েছি ধূসর ত্রিপল
মেঘমাল্লার আহ্বান জানিয়েছি তানসেনে
আজ কিছুতেই পালাতে পারবে না তুমি
অঝোরের আহ্বানে ভেসে উঠতে হবে তোমাকে
জেগে উঠতে হবে ময়ূর নিক্কনে—
ভিজতে ভিজতে ধূয়ে যাবে পঙ্কিলতা
আর পবিত্র চাদরের নীচে কতো সহজেই
পাশাপাশি আমরা, কাছাকাছি—
ভালোবাসার জন্য ওড়া যতোটা জরুরি
ঠিক ততোটাই নেমে আসা।
