বিরহিণী রাত

এসএম বাশার

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কোনো এক বিরহিণী রাতে অবিরল অশ্রুসিক্ত দু'চোখ,

নৈঃশব্দ্যে জেগে ওঠে হৃদয়ের অতৃপ্ত বাসনা,

অবসাদগ্রস্ত হৃদয় এক ভয়াল নীরবতায় আচ্ছাদিত থাকে,

অভিমানী নিঃশ্বাসগুলো অনিমেষ প্রতীক্ষায় কারও স্পর্শ খোঁজে।

 

কী এক অসীম শূন্যতায় দগ্ধ হৃদয়,

অব্যক্ত কান্নারা প্রকাশ করে অনন্ত বিরহ,

ধূসর আকাশেও ভেসে ওঠে সে বেদনার নীল রং,

ছায়ার অরণ্যে চলে নীরব আর্তনাদ,

বিধ্বস্ত প্রহরে জ্বলা প্রেমের শিখা—

পোড়া মাটির মতো পোড়ায় আমায়।

 

নিস্তরঙ্গ জীবন অপ্রাপ্তির আর্তিতে ভরে ওঠে—

খোঁজে পরম ভালোবাসায় মোড়ানো বিস্তৃত আশ্রয়।

ভাসমান ব্যথা কালের সমুদ্র ডিঙিয়ে দখল করে হৃদয়ের চারণভূমি,

রাতের নিস্তব্ধ প্রহরে অচেনা স্মৃতিরা হামলে পড়ে,

তখনই শুরু হয় অভিশপ্ত নির্জন বিলাপ,

সে হাহাকারের সুর ঝড় তোলে ভগ্নহৃদয়ে,

যেন সকল যন্ত্রণা ধুয়ে-মুছে বিদায় জানাতে চায় সবুজ পৃথিবীকে।