অস্তিত্ব
তাশফীয়া কাফী
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমায় যদি বলতেই হয় তবে বলো
সূর্যের প্রখর তাপে যে গলে যায় না
সে কেমন করে এক জোড়া নির্বাক চোখে
নিজের দহন দেখতে পায়?
এই অমানবিক ভীড়কে উপেক্ষা করে
জীবনের দারপ্রান্তে মানবিক ভিক্ষা হিসেবে
ওই চোখ, শুধু ওই দুটো চোখে শেষবার
উষ্ণতার ভিক্ষা কেন চায়?
যদি বলতেই হয় তবে বলো— কেন
সকল ফ্রেমবন্দী নিয়ম পেরিয়ে কেউ
অগ্নিদেবতার ইশারা উপেক্ষা করে
নিজেকে ভিসুভিয়াসের পায়ে লুটিয়ে দেয়?
চারিদিকে যখন চরম হট্টগোল
মুমূর্ষু রোগীটির প্রাণ চলে গেছে
সুরের টানে স্বজনদের আহাজারি
এমন কোলাহলে কেন মগজে দহন চলে?
বলতে চাইলে বলো,
স্বয়ং সক্রেটিস যার কাছে দর্শন শেখে
তোমার কথা এলে তার সবটা গুলিয়ে যায়
কেন ভুলে যায় দর্শন রাজা-রাজ্য, সমাজনীতি?
খোদার আসরে কিংবা পূজারীর থালায়
যিশুর ক্রুশে কিংবা বুদ্ধের তর্জনীতে
মসজিদ-মন্দির-গীর্জা কিংবা বিধর্মীর মনে
তন্নতন্ন করে দু'টো চোখের অস্তিত্ব খুঁজে বেড়ায়।
