ঢেউ

মাহমুদ নজির

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মাটি ফুঁড়ে বেরিয়ে এল কেঁচো

কালকেউটে সাপ!

উইপোকা স্তরে স্তরে বেঁধেছে বাসা।

পুরোনো বাঁশের বেড়া ডিঙিয়ে

লাফিয়ে লাফিয়ে পড়ছে লাল পিঁপড়ের ঝাঁক,

মাছি, মশা, অসংখ্য পোকার কিলবিল।

তুমি আসবে বলে

ঝমঝম গড়িয়ে পড়ছে বৃষ্টি

বাতাসে কদম কেয়ার ঘ্রাণ।

হার্ডিজ পেরিয়ে আমি পদ্মার এপার,

ওপারে ঢেউ ভাঙছে থৈ থৈ জল।

বিনোদ মাঝি পাল তুলেছে নৌকায়

গলা ছেড়ে গাইছে গান পদ্মার ঢেউ রে...

গভীর দৃষ্টিমেলে

কত কী আঁকছে সুবল চিত্রকর,

দুই ধারে সারি সারি সাদা কাঁশফুল!

ঢেউয়ে ঢেউয়ে নড়ে উঠছে

জেগে ওঠা চর।