মধ্যরাতের ডায়েরি

জসীম উদ্দীন মুহম্মদ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আজ সারারাত সার্চ বক্সে ঢুকে বারবার সার্চ করেছি

যত্রতত্র বাহারি বিজ্ঞাপন দেখে কতোবার যে থেমেছি

কতোবার— তার কোনো ইয়ত্তা নেই; আমি বরাবর

কবিতায় জীবনের কথা বলি— এই আমার একদোষ!

আমি আমার জীবনের মতোই মাঝে মাঝে ভুল বানানে

কবিতা লিখি— সেও হয়ত আরেক দোষ!

কেউ বলতে পারো, এসব মুদ্রাদোষ নাকি স্বপ্নদোষ?

দাঁতে ব্যথা হলে দাঁত উপড়ে ফেলা যতোটা সহজ, ভুল

জীবন কাটাছেঁড়া করে বাদ দেওয়া ততোটা সহজ না!

আজকাল মধ্যরাতের মতোই বুকের ভেতরটা খালি

খালি লাগে, মনে মনে ভাবি জীবনে যেমন উত্তম হতে

পারিনি, তেমনি পারিনি অধমও হতে... আবার কাউকে

বলতেও পারিনা আমি কি তবে মধ্যবিত্তের বলী?

বলতে পারো আঁচল, এসব দুঃখ আমি কার কাছে বলি?

যদিও মধ্যরাতে শেয়াল ডাকলেই আমার রাতের সংজ্ঞা

বদলে যায়, কুকুর ঘেউ ঘেউ করলেই ডায়রির কথা

ভুলে যাই; কেবল ভুলতে পারিনা কাটাছেঁড়া অক্ষর

বিশুদ্ধ বানানে প্রেমের চিঠি লেখার দালিলিক স্বাক্ষর!