দুর্ভিক্ষের কঙ্কালভূমি

আলী আকবর বাবুল

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দুর্ভিক্ষ-ক্ষুধার কপালে কালো সূর্য, শূন্য গোলার অন্ধকার

ধানের বদলে উঠোনজুড়ে কঙ্কাল, মাটির বুকে অনাহারের নকশা

মায়ের চোখ-নিভে যাওয়া প্রদীপ, শিশুর মুখ-শুকনো নদীর চর

রুটির গন্ধ-দূর নক্ষত্র, ক্ষুধার বুক-অসীম মরুভূমি।

হাঁড়ির তলায় ছাই, চুলোর মুখে নির্বাক শোকের প্রতিমা

বাজার-মানবতার কসাইখানা, মুদ্রা-ক্ষুধার লোহার দরজা

ভাঙা কলসির পাশে একমুঠো চাল-চাঁদের ক্ষুদ্র ভগ্নাংশ

রাজপথে বিলাসের রথ, গলিপথে মৃত্যুর কালো মিছিল।

কৃষকের পাঁজর-অনাবৃষ্টির ফেটে যাওয়া জমিনের মানচিত্র

ক্ষুধার্ত শিশুর চোখ-দুটি গভীর কূপ, তলানিতে অন্ধকার

আকাশজুড়ে মেঘের প্রাসাদ, অথচ মাঠজুড়ে ধূলির সাম্রাজ্য

দুর্ভিক্ষ-সভ্যতার মুখে ঝুলন্ত এক রক্তাক্ত আয়না।

শস্যগোলার প্রাচুর্য-মুষ্টিবদ্ধ মেঘের মতো নিষ্ঠুর নীরবতা

ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস-সমুদ্রের নিচে চাপা ভূমিকম্প

একটি রুটির গোলাকার শরীরে পৃথিবীর সমস্তত রাজনীতি

মানবতার থালায় আজও অনাহারের কালো অমাবস্যা।