কক্ষপথের বাইরে

সাইদা আক্তার

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ফিরে এসে যদি দেখো

দখিনের প্রতিটি জানালা খোলা

বসন্তে ভর করে এসেছে হাওয়ার নামতা

সব ঘরে শূন্য দুপুরে বসে আছে রোদ

আলমারিতে ঝুলছে রূপোর চাবি,

ঠিকঠাক চুলের ফিতে

কোথাও কোনো কিছু থেমে নেই

নিদাগ রাত্রি-দিন, কোলাহল!

তোমার তখনও মনে হবে

এইমাত্র ঘরে ঢুকে জানতে চাইব

কখন এলে? চা খাবে? কাপড় ছেড়ে এসো।

অথচ কোথাও নেই আমি,

ভুবনজুড়ে সীমাহীন ফুল-নদী-জল

মেঘের স্পর্শ ছেড়ে,

তেপান্তরের মাঠ—কক্ষচ্যূত চাঁদ পেরিয়ে

মহাদেশ বিবর্তন আবিষ্কারের নেশায়

অথবা একটি জারুল ফুল ভালোবেসে

সেই আমার চলে যাওয়া

তুমি এসে দ্যাখো—

কখনও আর ফেরা হবে না...