কবিতা!

শ্যামল বণিক অঞ্জন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কবিতা!

তোমাকে ধ্যান জ্ঞানে অকুন্ঠ ডুব দিয়েছি ঠিক তোমার মাঝে,

বিশ্বাস করো, এভাবে কাউকে কখনও ভালোবাসতে পারিনি।

আমার সমগ্র অস্তিত্বের অভয়ারণ্যে প্রতিক্ষণ তোমার বিচরণ,

তোমার মাঝে হারিয়ে যাই সময় অসময়ে ইচ্ছায় অনিচ্ছায়।

 

কবিতা!

তুমি কি বুঝতে পারো আমার এলোমেলো অব্যক্ত কথাগুলো?

অনুভব করতে পারো আমার ভালোবাসার গভীরতা কতটা?

দীর্ঘশ্বাসের ভারি বাতাসে ভাসা হৃদয় পোড়া গন্ধটা কি পাও?

আবেগ অনুভূতির আর শিহরণ কখনও তোমার স্পর্শ জাগায়?

 

কবিতা!

যেভাবেই নাও তুমি হিসাবের খাতায়, তবে জেনে রেখো—

আমার সুখ-দুঃখ, হাসি-কান্না, ভাঙা-গড়া শুধুই তোমাকে জুড়ে,

কখনও কোনো ক্ষণে যদি বিমুখ হও, শূন্য হব অন্তর পুড়ে।