কবি ও কবিতা

অরবিন্দ চক্রবর্তী

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ভাষারও কি কোনো নিষ্ক্রিয় অঞ্চল থাকে? যেখানে ক্রিয়া তার কর্তৃত্ব হারায়, ঘটনাও কার্যকারণ থেকে বিচ্ছিন্ন হয়, আর বাক্য পৌঁছতে পারে না তার প্রত্যাশিত পরিণতিতে? 'তবু দ্বারা ক্রিয়া যদিশীল' সেই অনিশ্চিত অঞ্চলের নাম?যেখানে ভাষা একই সঙ্গে মাধ্যম ও সংকট, উপস্থিতি ও অনুপস্থিতি, নির্মাণ ও বিনির্মাণের উদ্যাপনমুখর ব্যর্থতা।

'তবু দ্বারা'— কিন্তু কোন তবু দ্বারা? কোনো বস্তু, শরীর, চিহ্ন, ভাষা, নাকি এমন এক অনির্দেশ্য অস্তিত্ব, যার পরিচয় নির্ধারণের আগেই তা সরে যায়? নির্দেশকটি থেকে যায়, নির্দেশিত বস্তুটি অধরা। 'তবু' শব্দটি সেই অধরতার মধ্যে জুড়ে দেয় এক অদৃশ্য বিরোধ; যেন কোনো অসমাপ্ত প্রত্যাখ্যান, ব্যর্থতা কিংবা অসম্ভবতার পরেও কিছু একটা অবশিষ্ট আছে। অন্যদিকে, 'ক্রিয়া যদিশীল'— এ শব্দবন্ধের ব্যাকরণগত অস্বস্তিই নামকরণের অন্যতম তাৎপর্য। 'যদিশীল' যেন 'যদি'রই এক অপ্রচলিত, সম্প্রসারিত রূপ; যার মধ্যে শর্ত, সম্ভাবনা, সংশয় ও অনিশ্চয়তা একাকার হয়ে যায়। ফলে ক্রিয়া এখানে নিশ্চিত কোনো সংঘটন নয়, বরং ঘটতে পারা, না-পারা কিংবা অন্য কোনোভাবে ঘটে ওঠার সম্ভাবনামাত্র। আর 'ক্রিয়ার যদিশীলতা' সেই সম্ভাবনাকে ক্রিয়ার একচ্ছত্র আধিপত্য থেকে মুক্ত করে দেখার একটি নন্দনতাত্ত্বিক অবস্থান।

এ কবিতাবিশ্বে ঘটনা ঘটতেই হবে না, বাক্যকে সম্পূর্ণ হতেই হবে না, অর্থকেও তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে হবে না। বস্তু কথা বলে না, অথচ তার উপস্থিতি ভাষার বিন্যাস বদলে দেয়; শরীর কেবল শরীর থাকে না, হয়ে ওঠে বিচ্ছিন্ন সংকেতের সমাবেশ; শব্দ অর্থের বাহন হতে হতে একসময় নিজেরই অচেনা প্রতিরূপে পরিণত হয়। বাক্যের ভাঙন, অনির্দিষ্ট কর্তা, অসমাপ্ত সংযোগ এবং কার্যকারণহীনতার মধ্য দিয়ে কবিতা এখানে কোনো সুসংহত বাস্তবতার প্রতিলিপি নির্মাণ করে না; বরং বাস্তবতার নির্মাণপ্রক্রিয়াকেই অনিশ্চিত করে তোলে অবস্থানভেদে।

'তবু দ্বারা ক্রিয়া যদিশীল' তাই কোনো স্থির মতবাদের ঘোষণা নয়; ভাষার স্বাভাবিকতা, অর্থের শৃঙ্খলা এবং ক্রিয়ার অপরিহার্যতা সম্পর্কে এক নন্দনতাত্ত্বিক সংশয়। এই সংশয়ের ভেতরেই কবিতা খুঁজে নেয় তার নিজস্ব ব্যাকরণ— যেখানে অসম্পূর্ণতা কোনো ঘাটতি নয়, বিচ্ছিন্নতা কোনো বিচ্যুতি নয়, আর নীরবতা ভাষার অনুপস্থিতি না হয়ে ভাষারই অন্য এক সম্ভাবনা। নামটির অস্বাভাবিক বাক্যবিন্যাসও যেন সেই কাব্যিক অভিপ্রায়ের অংশ; পাঠককে অর্থের পরিচিত পথে না নিয়ে গিয়ে বরং অর্থের জন্মলগ্নে, তার অনিশ্চিত ও পরিবর্তনশীল অবস্থায় ফিরিয়ে দেয়।

যা ঘটে না, তা-ও কি কবিতায় উপস্থিত থাকতে পারে? যা বলা হয় না, তা-ও কি ভাষার ভেতরে সক্রিয় থাকে? এই বই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে নয়, বরং প্রশ্নের চারপাশে এমন এক পরিসর নির্মাণ করতে চায়, যেখানে অর্থের জন্ম ও বিলোপ একই সঙ্গে চলতে থাকে— এবং কবিতা, সমস্ত ক্রিয়ার বাইরে থেকেও, তার অস্তিত্বের সংকেত রেখে যায়।

 

বটিকা

ধ্বংসস্তূপের চূড়ায় বসে 'যদি' দেখা যায়—

সংকেতপ্রধান নদীটি ঘুমিয়ে এবং ঙঙঙঙঙঙঙ।

সিনেমা এমনও হতে পারে—

শুক্রবার নিজের জিভে পেয়েছে কামড়, আধখা

 

অথবা, স্রোতে যখন হর্সপাওয়ার লোড হলো,

তখন এক বিপজ্জনক জ্যোতিষ্ক

ননস্টপ উঁহু ধরে, চইচই করে

অছিদ্র গলি— যেতেই হলো

 

তুমি—

শরীরস্পেস চাপছিলে, চাপছই

এবার অহিংসার কথা বলছ, নিপীড়ন কারণ,

যে কারণটি ঝুলেছিল, তা মন্দের কিছুটা নিচ্চে

ফলে, ফলঘরে দস্তুর শনিবার

নিখুঁত জ্বরের ট্রমায়— অপেক্ষমাণ,

তারও কেবল মুনাফা থাকে

 

শর্তমুক্ত

যদি নিয়ে গবেষণা (করা) হয় জল

তখন

এক্সপ্রেস আসে নৌকা আংশিক টুইন

এমন দ্বৈত হতে পারো তুমি কিংবা তুমি

যেন আমি-বা, পাশেই ওপাশ যেমন কৃতকর্ম

মর্তমান এইতরো বাতাসে একসেট তারপর

কেউ কলার দ্বিধা

তবু

দমের বাইরে পড়ে এক কাঁদি সুপক্ব

সৌর

ভাবতে নজর লাগে, ওই তো নাগরদোলা

আরও

যেহেতুর কাঁধে সেহেতু— অনুচ্ছেদ কেমন কেমন

 

যদিও তদি

অনেক হ্যাঁ করার আগেই

সম্মুখ বারান্দা অথবা ঝুল ক্যারিয়ার

নিয়ে

অক্ষর আকৃতির বাঁকানো সাইকেল

ওই পরে আকাশ ও রোদের মধ্যবর্তী

শুক্ল

পাঠানো হয়েছে অভ্যাসত

জ্বর করেছে কারও না কারওর

খরস্রোত

কেউ মতো কেউ এখন আর এমন দেহপাকে

ঘুম তৈরি করে নেয় স্বপ্ন

চক্রটি তবু, অনেক করার রাখে

যদিও যদি জানি সেই মাধ্যমিক

বেতের ট্রেতে এক গ্লাস থেকে আরেক

বয়াম ধরে আমরা ইমোশনাল