শক্তি বড় হলেই সবকিছু জয় করা যায় না

আলাউদ্দিন আজাদ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সমুদ্র গভীর অহংকার নিয়ে বলত

আমি সবাইকে ডুবিয়ে দিতে পারি,

আমার গভীরতা কারও নাগালে নয়।

তরঙ্গেরা মাথা নেড়ে মানত তার কথা,

ঝড়ও যেন সম্মতি দিত শক্তির পক্ষে।

হঠাৎ একদিন এলো ক্ষুদ্র এক ফোঁটা,

এক ফোঁটা তেল— নরম, নীরব অথচ দৃঢ়।

সমুদ্রের বুক চিরে

সে অনায়াসেই ভেসে যাচ্ছে!

অসীম সাহস নিয়ে সে সমুদ্রকে বলল,

'শক্তি বড় হলেই সবকিছু জয় করা যায় না।'

সমুদ্র হঠাৎ থমকে গেল,

নিজের গভীরতার কাছেই হারিয়ে ফেলল ভাষা।

অবশেষে সে বুঝতে পারল

অহংকারের চেয়েও বড় বিনয়ের অদৃশ্য শক্তি।