মুনীর চৌধুরীর নাটকের স্বরূপ ও প্রাশ্চাত্য প্রভাব
শাহমুব জুয়েল
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ক্রমাগত স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিবাদের বৃক্ষরোপণ করলেন নাট্যকার মুনীর চৌধুরী। ধ্যানে ও মননে তিনি একজন নাট্যপ্রণেতা। অধ্যাপনা ছাড়াও জীবন ধারণের বহুমাধ্যম ছিল; কিন্তু নাট্যপ্রেম তার অতুলনীয় যা ছিল একধরনের নেশাও বটে। তাই অভিমত প্রকাশ করেছেন যে, নাট্যচর্চায় যদি সংসার নির্বাহ করার সুয়োগ পেতেন তাহলে হয়তো অধ্যাপনা ছেড়ে নাটক রচনায় মনোনিবেশ করতেন। বাস্তবজীবনে বহুপাক্ষিক সুযোগেও সমকালের সংকটে তড়িৎ জাগ্রতভাষা সংলাপধর্মিতা সৃষ্টি করেছেন। যা তার শৈল্পিক চেতনার অদ্ভুত ভাবনা। কখনও প্রতীকী কখনও শৈল্পিক যা ধীরে ধীরে সমকালীন প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে। ভাবনার প্রবৃত্তি ধারণ করে দেশ-সমাজ ও কালকে সংলাপ কাঠামোতে একীভূত করেছেন। কাহিনি স্রোতকে রিপুগুচ্ছের তাড়না ও সংগ্রামের মন্ত্রধ্বনি হিসেবে পরিপুষ্ট।
বাঙালি জাতীয় জীবনের বড় অধ্যায় ভাষা আন্দোলন, তখন তার নাটক বেশ প্রভাব বিস্তার করেছে। ইবসেন ও বার্নাড শ দ্বারা প্রভাবিত হলেও স্বকীয় ভাবনায় তৎকালীন সমাজ, রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরেন। 'কবর'( ১৯৬৬)। নাটকটি এখানে প্রতিবাদী চেতনা ও মৃত্যুর তীর্যক প্রস্তাব যা 'বেরি দ্য ডেড' নাটকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তৎসময়ে উচ্চমান সম্পন্ন বাংলা নাট্যকার তেমন ছিল না; সমকালীন সংকটে মানুষের চেতনা অধিকার সচেনতা সৃষ্টির ভাষাও তেমন উচ্চকিত নয়— প্রাচ্য দ্বারা প্রভাবিত হলেও বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নাট্যাঙ্গনে গণজোয়ার তৈরি করেন তিনি। বৃহৎ সংকটে সদ্য পুষ্পিত চরিত্র বুদ্ধিদীপ্ত ভাবনায় সৃজন করেছেন।
মৌলিক নাটক অনেক থাকলেও 'কবর' নাটকটি তার অনন্য সৃষ্টি। মুর্দা ফকির কবরের অধিবাসী কিন্তু মৃত মানুষের সঙ্গে সচরাচর কথোপকথন করছে। ভাষা শহীদদের প্রতিচ্ছায়া কল্পনা করে তাদের মুখে সংলাপ তুলে দেন তিনি। শহীদদের উদ্দেশ্য করে যখন বলে— 'তোরা কোথায় গেলি? সব ঘুমিয়ে নাকি? উঠে আয়। তাড়াতাড়ি উঠে আয়' তখন মনে হয় তিনি মুক্তি চেতনার শৈল্পিক শ্রেণিসচেনতা সৃষ্টি করেছেন। যা বিপ্লব ও সংগ্রামে এক অভিনব উদ্যোগ ও কৌশল।
সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে বিশ্বসমাজ ও সংস্কৃতি এবং নান্দনিক সাহিত্যশিল্পে মনোযোগী ছিলেন মুনীর চৌধুরী। তার শিল্পসম্মত নাটক কবর (১৯৬৬)। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হলেও আস্তিত্বশীল অবচেতন মনের সন্ধান সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে নাটকের সার্বিক প্রকাশ ক্ষমতায়। ভাষাগত দ্বন্ধের অবসানই লেখকের প্রধান লক্ষ্য ও মনস্কামনা ছিল। কিন্তু দায় চাপানো ভাষা ও দৃঢ় হস্তক্ষেপ নাট্যকারকে শুধু ক্ষুব্ধ করেনি প্রবলভাবে যন্ত্রণা দেয় এবং খণ্ডিত দৃষ্টি নয়, অস্তিত্ব ও সংগ্রামী মানসিকতায় দারুণভাবে উদ্বুদ্ধ করে।
প্রতিবাদের ভাষা হিসেবে নানা উপায় থাকলেও তিনি সংলাপ সৃষ্টিতে মনোনিবেশ করেন। সংলাপ প্রয়োগে মানুষকে শুধু জাগ্রতই করে না অধিকারের আদর্শিক বার্তাও প্রচার করে। ভাষাগত দ্বন্দ্ব রাজনৈতিক মাতাল হাওয়ায় প্রকট হলে উপলক্ষ্য হিসেবে নাটকীয় মনোভাবই যে শ্রেয়। তা তিনি পারদর্শিতার সঙ্গে যুদ্ববিরোধী চেতনা দিয়ে জানান দেন। মাতৃভাষার উৎসর্গপ্রাণ হিসেবে মৃতরা কবরে যেতে অনাগ্রহ প্রকাশ করে। মাতৃভাষায় প্রেম যখন অপরাধই। তখন বসে থাকা নিরেট বোকামি। কারণ দণ্ড হিসেবে, শাস্তি হিসেবে তাজা প্রাণের প্রস্থান হচ্ছে। বাঙালি জাতিকে ভাষার জন্য জীবন উৎসর্গ করতে হচ্ছে, তখন ইহজাগতিক যুদ্ধের বাইরে গিয়ে নাট্যকার আত্মার সন্ধান করেছেন।
আত্মারা জাগ্রত ও কবরে শায়িত না হতে বিপ্লব ও বিদ্রোহচেতনায় শৃঙ্খলিত। দৃশ্যগুলো বাস্তবতার সঙ্গে অপ্রাসঙ্গিক হলেও নিখাঁদ চিন্তার উন্মেষ তৈরি করেছেন তিনি। অস্তিত্বশীল মানুষ যেখানে অনুপস্থিত। সমাজ-সংসার ও রাষ্ট্র নানা অপতৎপরতায় লিপ্ত এবং সংকট ঘনীভূত। ভাষা প্রকাশের ইচ্ছা-অনিচ্ছা চোরাবালিতে আচ্ছন্ন। প্রচলিত ভাষা পরিচয়-অনুসন্ধানও দলিত। তখন মনে হচ্ছ সমকালীন সমাজব্যবস্থা কখনও পরিবর্তন সম্ভব নয়, পরির্তনের ধরন হিসেবে রূপক, প্রতীকী ও চিত্রকল্পই প্রয়োজন। এতটুকুও অপেক্ষা করেননি রহস্যময় ঘটনা ও চরিত্র সৃষ্টি করেন।
রাষ্ট্রীয় মদদে মৃহদেহ গোপনে দ্রুত কবরস্থ করতে আনা হলে শহিদরা সমস্বরে বিদ্রোহ করে। ইন্সপেক্টর চল-চাতুরীর আশ্রয় নেয়। প্রতারণার কৌশল হিসেবে শহীদদের মা ও স্ত্রীকে ডাকা হয়। হতবিহ্বহল পরিবারের কষ্ট ও আপনজন হারানোর বেদনায় দয়াপরবশ না হয়ে নির্মম দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। যা শিল্পের মাপকাঠিতে করুণ রসেরই সঞ্চার মনে হয়। রচনার শৈল্পিক মান আরও তীক্ষ্ণ হয়ে ওঠে যখন দেখা যায় মুর্দা ফকির তীব্র ভৎসনা করে। 'তোমাদের গায়ে মরা মানুষের গন্ধ। তোমরা এখানে কী করছ? যাও তাড়াতাড়ি কবরে যাও' ৮৫। তার দৃঢ়চেতা মনোভাব রাজনৈতিক ও সামাজিক অঙ্গনকে নাড়িয়ে দেয়। কোনরূপ হটকারিতাকে প্রশ্রয় দেয় না বরং ব্যক্তি সচেতনতা সৃষ্টি করে। এখানেই তার শিল্পমহত্ত্বের বহিঃপ্রকাশ।
মঞ্চ পরিকল্পনা ও প্রকরণ বিন্যাস নাট্যকারের অনতিক্রান্ত সৃষ্টি। তিনি ইউরোপীয় ধারা অনুসরণ করেছেন বটে কিন্তু স্বকীয় চেতনারই নাট্যকার হিসেবে বেশ সমাধৃত। মৌলিকতা লেখকের আপন জগৎ ও প্রকাশগত ভঙ্গি। তিনি মৌলিক বিষয়ের উপর দাঁড়িয়ে ধীরে ধীরে অভ্যন্তরীণ ক্যানভাস তৈরিতে প্রবৃত্ত হয়েছেন। কারণ সময়টা তখন ছিল আপেক্ষিক। জনসমষ্টির দুর্ভোগ ও আত্মতুষ্টির অভাব যেমন ছিল পাশাপাশি আপন মনের ভাষা ও জন্ম অধিকারে অনিশ্চয়তাও ছিল প্রকট।
কোনো নিশ্চয়তা না থাকায় বিবেধ ও বিভাজন এবং মানব মনস্তত্ত্বের দুরত্ব ক্রমেই বৃদ্ধি পায়। চল্লিশের দশক থেকে সত্তরের দশকের সূচনাকাল ছিল রাজনৈতিক ভাঙা-গড়া এবং অর্থনৈতিক পূনর্বিন্যাসের অলোআধারি কালবিভাগ। নতুন সময়ে এসে মানুষের মধ্যে পুঁজিবাদী চিন্তা ও আত্মকেন্দ্রিক মনোভাব ভর করে। সময়ের সুযোগ নিতে মরিয়া হয়ে ওঠে গোষ্ঠীবদ্ধ ও সুবিধাভোগী মানুষ। অসাধু শ্রেণি কখনও মানুষের কথা ভাবে না, সমাজে নিগৃহীত, দরিদ্র ও জীবনবাঁচা সংগ্রামী মানুষকে উঠানোর চেয়ে দলিত ও শোষণের চিন্তায় মশগুল ছিল। অস্তিত্ব রক্ষাপ্রবণ মানুষগুলো সমাজের অন্যশ্রেণির মানুষের ছোবলে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্থনৈতিক পুনর্বিন্যাসের সুযোগে নতুন মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ঘটে। মুনীর চৌধূরীর 'কবর' নাটক সেময়ের ছায়াবিশেষ। কবর (১৯৬৬) নাটকে জার্মানি নাট্যকারের প্রভাব ও এ্যাবসার্ডধর্মীর প্রভাব রয়েছে। স্বভাব ও প্রভাব থাকলেও মুনীর চৌধুরী সময়ের সাহসী শিল্পী ৯১। তিনি অনুষঙ্গ ধারণ করে কবর ও চিঠি নাটকের মাধ্যমে স্বতন্ত্র মূল্যায়নের নাট্যকার হয়ে ওঠেন। কারণ নাটকে তিনি নিঁখুত সৌন্দর্য সৃষ্টি করেছেন। যা সময়কে দারুণভাবে ধারণ করেছে। তিনি প্রথমত করুণ সময়কে ছদ্মবেশী ও প্রতীকী আবহে সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর মনোজগৎকে চিহ্নিত করেন। তারপর প্রবলভাবে শিল্পচাপ প্রয়োগ করেন গিটলাগা ভঙুর সমাজের ওপর।
রীতি ও ভাবাদর্শের স্কেচ হাতে নিলেও সাবধানী শিল্পীর মতো ভাব ভারতীয় লোকজীবন ও নাগরিক জীবনপোকরণ যুক্ত করেছেন। লেখায় সমাজের বহুমুখী সমস্যা ও সংকটের পাশাপাশি সমাধানের পথও তৈরি করেছেন। বিষয় নির্বাচন ও সময়কে নাড়া দেওয়ার শিল্পভাবনায় বলা চলে তিনি দৃষ্টান্তস্থাপনীয় শিল্পী।
কবর নাটকে হিরনবালা ও দিলীপ চরিত্রদ্বয় ছাড়া সব চরিত্রই মুসলিম। সংঘাত ও দ্বন্দ্ব-সংগ্রাম জাতিগত না হলেও ক্ষমতার প্রশ্নে বিভাজিত। মুসলিম শ্রেণির মাখামাখি ও আত্মিক সংঘাতও রয়েছে। একারণে হয়তো ভাষাগত বিষয়ে তিনি একটু বেশি সতর্ক ছিলেন নতুবা সংখ্যাগরিষ্ট শ্রেণির সমস্যা উদ্ঘাটন ও সমাধানের পথ তৈরি কলা কঠিন ছিল। সময় বিবেচনায় পছন্দসই ভাষা ব্যবহার করেছেন। প্রসঙ্গত মুসলিম শ্রেণির আরবি ও ফারসি ভাষায় টান লক্ষ্যনীয়। ধর্মীয় ভাবাবেগ থেকে অনেকের আরবি ও ফারসি ভাষাচর্চায় স্বাচ্ছদ্যপ্রিয়তাও রয়েছে।
অন্যদিকে কবর নাটকে দ্বন্দ্বই মূলত ভাষাগত। ভাষার জন্য সালাম, জব্বার, রফিক প্রমুখ শহিদ হয়েছে। শহিদদের প্রতিমূর্তির মুখে সংলাপ দিয়ে অদ্ভুত চিন্তার উন্মেষ তৈরি করা যেনো ভিন্নমাত্রার চিন্তা। তিনি কেন্দ্রীয় কারাগারে বসে কবর নাটকের মতো এমন বিস্ময়কর সৃষ্টি করেছেন। তার সাহসিকতা ও অদম্য ইচ্ছাই এই অসামান্য সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে। একদিকে ভাষাগত সম্পর্ক অন্যদিকে ভাষাগত দ্বন্দ্বে জাতিগত সংকট দুটো যখন স্ববিরোধী অবস্থায়। তখনই কবর (১৯৬৬) ও রক্তাক্ত প্রান্তর (১৯৬২) নাট্যসৃষ্টি নান্দনিক মহিমায় ধরা দেয়। ইতিহাস ও ভাষাগত বিবেধ নাটকীয় সংলাপকে ঋদ্ধ করেছে। নাটকগুলোতে ঐতিহাসিক সংকট ও সামাজিক সমস্যা নতুনভাবে দেখা দেয়। মানুষের জীবন ও পথচলার সমাধান তৈরিতে সংলাপ চরিত্রের ভাষা ব্যঙ্গ-বিদ্রূপ তথা আইরিশ নাট্যকার বানার্ড শ (১৮৫৬-১৯৫০) ভাবনার সঙ্গে সম্পৃক্ততা দেখা দেয়। দুজনই মনোযোগী শিল্পী। নিজ অঞ্চলে সমকাল ও সমাজ এবং ইতিহাসকে গভীরভাবে অনুধাবন করেছেন। মানব প্রকৃতি ও প্রতিবাদী চিন্তার অনুপ্রেরণা হলেও মুনীর চেীধুরী সীমাবদ্ধ থাকেননি নতুন ও সম্ভাবনার পথ উন্মুক্ত করেছেন।
১৯৪৭ দেশবিভাগ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দুটো মাইল স্টোনের পর পূর্ববঙ্গের রাজনীতিতে চিন্তা ও আদর্শের রদবদল হতে থাকে। নেতাকর্মীরা পূর্ববঙ্গের অধিকার প্রতিষ্ঠায় সঙ্গবদ্ধ। নানাসময়ে তারা সংগ্রাম ও লড়াই করছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে এসে অনেকের প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বুদ্ধিজীবীরা অবদান কী? একজন মুনীর চেীধুরী একবারই জন্মগ্রহণ করে বাবারবার নয়। প্রসঙ্গত আসিফ মুনীরের বক্তব্য এরকম— 'শৈশব থেকে পারিবারিক পরিমণ্ডলে মুনীর চেীধুরী কঠোর শাসন ও নিয়মানুবর্তিতা, তেমনি পেয়েছিলেন সাধারণ জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য পাঠচর্চার সুযোগ ও আগ্রহ সৃষ্টির অনুপ্রেরণা'।
তার বাবা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরীর অবদান। পারিবারিক বন্ধন ও উদার মানসিকতার কারণে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মুনীর চৌধুরী হয়ে উঠেছিলেন দেশি-বিদেশি সাহিত্য পিপাসুজন। পাশাপাশি সাহচর্য পেয়েছিলেন সরদার ফজলুল করিম, মদন বসাক, দেব প্রসাদ, রবি গুহ প্রমুখ বেশ কয়েকজন বাম চিন্তাধারার মানুষের। বাম-ছাত্রদের সংস্পর্শে তিনি বামানুগত রাজনীতিবিদও হয়ে ওঠেন। সৃষ্টিশীল হিসেবেও তিনি ছিলেন গুণগ্রাহী মানুষ ।
স্বদেশের মানুষ ও সমাজ এবং জীবনের সংকটকে সংলাপধর্মীতায় গ্রন্থিত করেছেন। বুদ্ধিদীপ্ত মানসচেতনায় মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাধিকার আন্দোলনসহ সংকটগুলো প্রত্যক্ষ করে ঠিক থাকতে পারেননি। সমকালীন কারণও আছে বেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই তার ভেতরে অসাম্প্রদায়িক মানবতাবোধ জাগ্রত হয়েছিল। সংলাপী প্রতিবাদই মুনীর চৌধুরীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ১৯৪৬-৪৭ সালের দিকে বাংলাসহ ভারতবর্ষে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা চরমে পৌঁছে।
তরুণ মুনীর চৌধুরী তখন নিজ ভাবাবেগ থেকে সাম্প্রদায়িকতা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেন। স্বার্থবাদী চিন্তা ও কোন বিধ্বংসী মহল তাকে স্পর্শ করেনি। কায়েমী রাষ্ট্রের অনুদার না হয়ে ঝুঁকি নিলেন এবং দুর্গত পীড়িত ও বিপদাপন্ন মানুষদের পাশে থেকে হয়ে উঠলেন আশ্রয়ী ও প্রাচ্যবাদী প্রতীকী শিল্পী। সেই সময়ে তার উল্লেখযোগ্য অবদান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক কবর (১৯৬৬)। ধরা যায় বাংলাদেশের প্রথম রাজনৈতিক নাটক 'কবর'। অদম্য মুনীর চৌধুরী কাউকে গোনায় ধরেননি। ব্যক্তিমানস ছিল উদার ও অদম্য সাহসী।
ছাত্রাবস্থায় অসাম্প্রদায়িক চিন্তাভাবনার জন্য ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বই, বিছানাপত্রসহ হল থেকে বের করে দেয়। তাতে কী? থেমে থাকেনি তার সংগ্রামী মনোভাব ও আত্মচেতনা। বরং কিছুদিন পর কর্তৃপক্ষের হস্তক্ষেপে সবকিছু ফেরত পেয়েছেন। থামানোর চেষ্টা করা হয়েছে তবুও দমে যাননি। বরং এসব অভিজ্ঞতা তাকে গণমানুষের প্রতিনিধি হতে সহায়তা করেছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবতার নিশান তুলে মুনীর চৌধুরী লিখেছিলেন একাঙ্কিকা নাটক 'মানুষ', 'মিলিটারি' ও 'একটি মশা'। পঞ্চাশের দশকে পাকিস্তানি শোষণ তথা সাম্প্রদায়িকতার প্রতি বিদ্রূপ করে সৃজনশীলতার পরিচয় দেন। তখনকার বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনে সামিল হয়ে নিজ দৃঢ়তা প্রতিবাদী ত্যাজও প্রকাশ করেন। সহজাত বাগ্মিতার বলে বিভিন্ন মহলে অনুপ্রেরণাও সৃষ্টি করেন।
পাকিস্তান বিরোধী অবস্থান থেকে শুধু 'কবর' নাটক নয়-মুনীর চৌধুরী তৎপরবর্তী সময়ে লিখেছিলেন নাটক 'নষ্ট ছেলে'। নাটকের ঘটনা প্রবাহে একটি পরিবারের মেয়ে যে বামপন্থী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাকে ঘিরেই নাটকের কাহিনির সূত্রপাত। পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। 'নষ্ট ছেলে' নাটকটিতে তাঁর প্রতিবাদী বোন নাদেরা বেগমের ছায়া লক্ষ্যনীয়। 'কবর' নাটকে পাকিস্তানী রাজনৈতিক নেতার স্বরূপ উন্মোচিত।
স্পষ্টতা পেয়েছে 'নেতা' একাঙ্ক নাটকটিতে। কারণ ১৯৫৩ সালে পাকিস্তানের মুসলিম লীগের দুই পক্ষের সংঘাত ও জনবিচ্ছিন্নতা ছিল। সময়ের ঘটনাপ্রবাহে তা নাটকের প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে। নাটকে নারীলোভী নেতার চরিত্রবুননে তার একান্ত সচিবের সংলাপ রচনা করেছেন এভাবে-'মনটাকে অত কোমরের নিচে ফেলে রাখবেন না। টেনে তুলে আরেকটু ওপরেও, ঘোরান ফেরান। নইলে যে গেরো বেঁধেছে তাতে আমার মত দশটা সেক্রেটারিও আপনাকে বাঁচাতে পারবে না'।
সমকালের সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে টেনে গণমানষের সম্মুখে ছুড়ে দিয়েছেন তিনি। হতবিহ্বল জনগোষ্ঠী যাদের কাছে সবসময় অসহায় ও সামাজিকভাবে পঙ্গু ছিল। তাদের তিনি সংলাপ ও চরিত্রের গিঁটে মুড়িয়ে দিলেন। এসব মূলত এশীয় অঞ্চলের রাষ্ট্রব্যবস্থায় ব্যপকতরভাবে দৃশ্যমান। পূর্ব থেকে সাম্প্রতিককালে আরও শতগুণ বৃদ্ধি পেয়েছে। সময়কে তিনি ধারণ করেছেন এবং সময়ের জন্য শিখনকর্ম রেখে গেলেন। এখানে তার অনুষঙ্গ ও প্রেক্ষাপট নির্মাণের প্রাচ্যাদর্শের ভাবনাপ্রসূত হলেও শৈল্পিক দূরদর্শিতা বেশি বহমান।
ইংরেজি সাহিত্যপ্রেমী হিসেবে প্রাশ্চাত্য নাট্যশিল্পে অবাধ বিচরণ রয়েছে মুনীর চৌধুরীর। শিল্পের প্রসারতায় তা স্টাইল-সন্ধানও বটে। তবে তাঁর নাটকের রূপরেখা ও শিল্পসুষমা নতুনদের আশাদীপ্ত করে। নাটক শুধু লেখায় সীমাবদ্ধ থাকেনি। প্রবল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মঞ্চায়নও হয়েছে। দণ্ডকারণ্যে রামায়ন-কাহিনির প্রেক্ষাপট লিপিবদ্ধ। আকষ্মিক ঘটনাপ্রবাহের সংলাপ ও রীতি মনোহারী ১০১। শিল্পজীবনে তিনি রচনা করেন বাইশটি একাঙ্ক নাটক। তার এ নাটকগুলোর মধ্যে সংঘাত, পলাশী ব্যারাক, মিলিটারী, বংশধর উল্লেখযোগ্য। নাটকের মধ্যে অনুদিত নাটক কম নয়— রূপার কৌটা , কেউ কিছু বলতে পারে না, মুখরা রমণী বশীকরণ, অথেলো প্রভৃতি। সময়ের প্রয়োজনেই তার শিল্পচেতনা গড়ে ওঠে। এসব একাঙ্ক এমনিতে তৈরি হয়নি। বেতার, মঞ্চায়নের গুরুত্ব নিয়ে সৃষ্টি করেছেন তিনি। যদিও সময়ের ব্যবধানে স্থায়িত্ব তেমন পায়নি তবে সময়কে প্রবলভাবে নাড়া দিয়েছে। স্বপ্ন, আশা ও সাফল্যের চিন্তার চেয়ে সময়ের প্রতিবাদই ছিল তার নাটকীয়ভঙ্গির প্রধান উদ্দেশ্য। আদর্শবান ও উদারচেতা লেখক তিনি।
পৃথিবীতে এমন সৃষ্টিশীল ও গুণী শিল্পীগণ সময়ের প্রয়োজনে বেঁচে থাকেন। এবং মৌলিক ও হৃদয়ের উত্থিত শিল্পই সময়ের ব্যবধানে তাদের অমরত্বও দেয়। তার নাটক ইতিহাসের বিষয় দ্বারা নিঙানো এবং বাস্তব জীবনের অনুষঙ্গে উপস্থাপিত হয়েছে। শ্বাসরূদ্ধকর পরিবেশের মাঝে মানুষকে জাগ্রত করার প্রয়াসীও তিনি। দুঃসহ ও অনিশ্চিত জীবনের প্রেক্ষাপট সৃষ্টিতে বিষয়ভাবনার নাট্যনায়ক বলা চলে। স্বল্পসময়ে বৃহত্তর সমাজ ও সংকটকে কাঁপানোর সক্ষমতা ছিল। তার শৈল্পীকতাকে ভয় পেয়েই হয়তো দুষ্টচক্র দ্বারা অপহৃত হয়েছিলেন তিনি। অবিশ্বাস্য সৃষ্টি কবর রচনা করেও মৃত্তিকায় লেখকের কবর হয়নি। দুঃখবোধ রয়েছে অনেক। তা থেকে মনে হবে কালের রেখায় তার অপূর্ণতা বয়ে বেড়াবে। কিন্তু সান্ত্বনা যে, তিনি ধ্রুবতারা এবং গণমানুষের মাঝে গাঁথা এক বিস্ময়বোধসম্পন্ন প্রতিবাদী শিল্পী।
