হেমন্তবিলাস

পীযূষ কান্তি বড়ুয়া

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শিশিরের অভিষেকে মাটিমাখা রজনীর ঋতু উৎসবে

কৃষকের ঘামে কিষাণীর শ্রমে ভীতু চাঁদ পাহারা বসায়

কুয়াশার চাদর গায়ে বাতাসের ভারী পায়ে হিমের নূপুর

কার্তিক ঠিক ঠিক গান বাঁধে টিয়েদের রাসের মহড়ায়।

 

শূন্য ঘড়া পূর্ণ করার ব্রত নিয়ে রথে চড়ে সুদিন আসে

আধপেটা আহারের দেশে ভরপেটের স্বপ্ন দেখা ক্ষুধা

তন্ময় হয়ে চেয়ে থাকে মাটির খনিতে স্বর্ণের হিন্দোল

কাঙ্ক্ষিত ঘ্রাণে প্রাণ পায় ঘুমিয়ে থাকা গ্রামের সকাল।

 

দণ্ডদাতা আর দণ্ডিতের দর কষাকষির টানাপোড়নে

উধাও হয়ে যায় দৈনন্দিনতার আটপৌরে স্বস্তি

মুঠোবন্দি পৃথিবীতে বার্তার অযাচিত পাণ্ডুলিপিতে

অনাকাঙ্ক্ষিত হেমন্ত আসে পালাবদলের অযুহাতে।

 

উত্তরের হাওয়ার তোড়ে রক্তে জীবন্ত হয় ভিসুভিয়াস

হিমসুখী রাতে নামে জৈষ্ঠ্যের গরমের প্রাণঘাতী তোপ

নিজের মাংসে বৈরি হরিণের জন্মলব্ধ পাপের উপমায়

স্বদেশে হেমন্ত ঢোকে উদ্ভ্রান্ত উদ্বাস্তু মুমূর্ষু মনুষ্যকায়ায়।