হেমন্তের ভোর

মামুন অপু

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

হিম জন্মানোর খবর নিয়ে আসে হেমন্তের ভোর

খুশিতে নেচে ওঠে খসখসে ঘরকুনো চড়ুই

শিশিরের চুম্বনে কুমারিত্ব হারানোর লজ্জায়—

ঝরে পড়ে পবিত্র শিউলি

হলুদ আলো জানালার গ্রিল বেয়ে—

নেমে আসে প্রিয়তমার বুকে

আমি তখন রোদ পোহাই

পরম মমতায়— তার মুখমণ্ডলে—

 

রাতের শরীরে হাসনাহেনা বিভোর প্রেমিক

পূর্ণ চাঁদের আদরে লাজুক আঁধার ষোড়শী

এমন হেমন্তের রাতে জেগে থাকি

তোমার প্রস্ফুটিত হাসির আকাঙ্ক্ষায়

যে হাসি হেমন্তের বুকে শীতের কাঁপন ধরাবে

আর নেমে আসবে অবিশ্রান্ত হিমেল যৌবন।