হেমন্তবন্দনা

সোহেল মল্লিক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এই হেমন্তে হৈমন্তী এসেছিল আমার ঘরে

খুব ভোরে আমি যখন ঘুমিয়েছিলাম

সেই-ই ঘুম ভাঙাল দরজায় নক করে

চেয়ারটা টেনে দিয়ে ওকে বসালাম

সে বসল, আমি বিছানায় আধশোয়া।

তাকিয়ে দেখছিলাম ওকে, হৈমন্তীকে,

ওর পা থেকে মাথা, মাথা থেকে পা।

পায়ের গোড়ালি থেকে শাড়িটা

উঠে গেছে একটু উপরে, আহা!

তবে কি পাকা গমের রঙে মাখা ওর সারা গা?

হৈমন্তীর কথাসুরে ভাবনার সুতো যায় ছিঁড়ে

আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে

সে বলেই ফেলল, এই নিন নতুন চালের পায়েস

মা পাঠিয়েছেন— বলেই সে চলে গেল।

দরজাটা তখনও খোলা...

আমি অনেক দূরে তাকিয়ে দেখি

ধু-ধু মাঠ, শস্যশূন্য, মরা খড়ের গাদা,

এই ভোরে বুকটা হঠাৎ খাঁ খাঁ করে ওঠে

দীর্ঘশ্বাস ঝুলে থাকে ঠোঁটে...