বিরতির বিজ্ঞাপন

টিপু সুলতান

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঠিক ধরেছ, ভাঁটফুলের জঙ্গল শেষে দাঁড়ায়া

পেছনের এতো পথ মাড়ানো বিজ্ঞাপনে—

তবু লিলিথের নগরে তুমি নেই,

কতদূর এগোলে, সে পায়ের গল্প বা কী ছিল

যতগুলো পথ, সেসব পথে যদি দেখা হতো

 

অথচ কম্পাসের কাঁটা কত স্থির ঝুলে আছে

ব্রোথেলের গ্রন্থিত নগরের পুরোনো দরজায়—

বেরিয়ে আসে নিষিদ্ধ মুণ্ডপাতের ফিরতি রাত,

 

...ধারণার ভেতরে শান্ত হতে গিয়ে তাতে

গল্পের খড়কুটো পুড়ে যায়,

হেমন্ত ঘাইয়ের ছকে বাঁধা মধ্যবিত্ত ফড়িং

ছোট্ট অবেলায় কুড়িয়ে রাখি—

সেসবের রোদটুকু, ছায়াটুকু আর

নেবুপ্রেমের তন্দ্রাঢেউ

বিরতির বিজ্ঞাপন ছাড়া যে জীবন আমার ছিল...