নামমাত্র যুদ্ধবিরতি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত মোট দুই হাজার ৫০৯ জন নিহত এবং সাত হাজার ৭৫৫ জন আহত হয়েছেন।

গত রোববার সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ সীমান্তবর্তী এলাকায় সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর হামলার পর থেকেই লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযানও শুরু করেছে দেশটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ এপ্রিল প্রথমবারের মতো ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এদিকে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে।

এদিকে ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এটা বুঝতে হবে, হিজবুল্লাহর এ কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তারা জানিয়েছে, হিজবুল্লাহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তারা এর পাল্টা জবাব দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।