রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণে বিপ্লব
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুমন দাশ গুপ্ত, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম। হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওমর ফারুক, ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনা খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনা খাতুন জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া গ্রামকে প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তুলতে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, প্রদর্শনী ও গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম বয়সী চারা রোপণ করায় সময়, শ্রম ও ব্যয় সাশ্রয় করার পাশাপাশি ধানের উৎপাদন বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষকরা জানান, আধুনিক যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে ধান রোপণ সম্ভব হওয়ায় শ্রমিক খরচ কমেছে এবং তারা লাভবান হওয়ার আশা করছেন। উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের পাশাপাশি আধুনিক ধানের জাতগুলো জনপ্রিয়করণ করা, ধানের উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট এলাকার উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনে নিরলস কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তা করেছে ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা।
