পর্যটকদের দৃষ্টি কাড়ছে পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম মুনলাই পাড়া

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাবুল খাঁন, বান্দরবান

বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নে অবস্থিত মুনলাই পাড়া এখন দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত গ্রাম হিসেবে পরিচিত। রুমাবাজার-কেওক্রাডং সংযোগ সড়কের দুই পাশে গড়ে ওঠা বম সম্প্রদায়ের এই গ্রামটি এরইমধ্যে তিন পার্বত্য জেলার মধ্যে পরিচ্ছন্ন ও সুন্দর গ্রামের স্বীকৃতি পেয়েছে।

ছবির মতো সাজানো-গোছানো এই পাড়া দিন দিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বান্দরবান শহর থেকে সড়কপথে মাত্র তিন ঘণ্টার যাত্রায় পৌঁছানো যায় মুনলাই পাড়ায়। ১৯৮৩ সালে প্রায় ৩০টি বম পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রামটি প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। পাহাড়বেষ্টিত ও সাঙ্গু নদী বিধৌত এই পাড়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উদাহরণ।

গ্রামবাসীরা জানান, তাদের খ্রিষ্টান ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ সবকিছুই নিয়মিত পরিচর্যার মাধ্যমে ঝকঝকে রাখা হয়। এই সম্মিলিত উদ্যোগ মুনলাই পাড়াকে পরিচ্ছন্ন গ্রামের মর্যাদায় নিয়ে এসেছে। পর্যটনের ক্ষেত্রেও মুনলাই পাড়া ব্যতিক্রমী। এখানে ইকো-ফ্রেন্ডলি হোমস্টে, পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার, রোমাঞ্চকর ট্রেকিং, কায়াকিং এবং দেশের দীর্ঘতম জিপ-লাইন (সম্ভাব্য) উপভোগের সুযোগ রয়েছে।

পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ইভেন্ট পর্যটকদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করছে। পর্যটকরা এখানে এসে বম সম্প্রদায়ের জীবনধারা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। পাহাড়ি শাক-সবজি, ফলমূল, জুমের বিনী চাল, বিভিন্ন মশলা এবং বম নারীদের হাতে বোনা ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প সামগ্রী পর্যটকদের কাছে বিশেষ আগ্রহের বিষয়।

গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষি ও পর্যটন। এই দুই খাতের ওপর নির্ভর করেই তারা স্বাবলম্বী জীবনযাপন করে আসছেন। তবে ২০২০ সালে করোনাভাইরাস পরবর্তী সময়ে এবং তিন পার্বত্য জেলার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতা ঠেকাতে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে মুনলাই পাড়াসহ পুরো রুমা উপজেলার পর্যটন সংশ্লিষ্ট জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে আর্থিক সংকটে পড়ে।

দীর্ঘদিন পর পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে রুমা উপজেলার পর্যটন খাতে। নতুন করে স্বপ্ন দেখছেন মুনলাই পাড়ার বাসিন্দারা। তারা আশা করছেন, পরিচ্ছন্নতা, প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তার মাধ্যমে মুনলাই পাড়া আগামী দিনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে।