টেকনাফে সূর্যমুখী চাষে সাফল্য
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জিয়াবুল হক, টেকনাফ(কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে সূর্যমুখী তেল চাষে আগ্রহ বাড়ছে। সূর্যমুখীর বীজ থেকে আধুনিক মেশিনের সাহায্যে তেল উৎপাদনের পর কৃষকেরা ১ কেজি ৪০০-৫০০ টাকা দামে বিক্রি করছেন।
টেকনাফ কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টেকনাফ সদর, সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং এবং বাহারছড়া ইউনিয়নে ৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন কৃষকেরা। জানুয়ারিতে বীজ বপন করে ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চ মাসে ফসল কাটা যায়। প্রান্তিক চাষিরা মরিচ, আলু ও শিম বা অন্য ফসলের পাশাপাশি সূর্যমুখী চাষ করেছেন।
কৃষকেরা জানান, গত বছর টেকনাফ উপজেলায় সূর্যমুখী ফুল চাষাবাদ শুরু হয়। এতে তারা লাভবান হচ্ছেন। সেই সঙ্গে সূর্যমুখী এখন এ এলাকার কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।
টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর কৃষক জাহাঙ্গীর বলেন, চলতি মৌসুমে ৪০ শতক জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের বীজ, সার, কারিগরি সহযোগিতা দিচ্ছে। উপজেলায় বীজ থেকে তেল উৎপাদনের আধুনিক মেশিন না থাকায় একটু কষ্ট হচ্ছে। মেশিন থাকলে কৃষকদের মাঝে আরও আগ্রহ বাড়তো।
হোয়াইক্যংয়ের কৃষক মমতাজ আহমেদ বলেন, এ বছর কৃষি জমিতে ধান, আলু, বিভিন্ন ধরনে শাক-সবজি চাষাবাদের পাশাপাশি সূর্যমুখী তেলের চাষ শুরু হয়েছে। অভিজ্ঞতা না থাকলেও যারা চাষ করছেন; তাদের কাছ থেকে ধারণা নিয়ে এবং স্থানীয় কৃষি কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে সফলভাবে এগিয়ে যাচ্ছি। আশা করি তেল উৎপাদন করা গেলে লাভবান হবো।
