হাটহাজারীতে সরিষা চাষিরা লাভবান

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুমন দাশ গুপ্ত, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় সরিষার বাম্পার ফলন। চারদিকে ছড়িয়ে পড়েছে মৌ মৌ ঘ্রাণ আর বিভিন্ন প্রজাতির মাছি ও ছোট পাখির গুঞ্জনে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং সরিষা ক্ষেতে দর্শনার্থীদের ভীড় বেড়েছে। বিগত বছরের তুলনায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। কৃষি অধিদপ্তরের সুত্রে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৯২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। উপজেলা সরকারী সহায়তা ও ব্যাক্তিগত সরিষা আবাদকারী সংখ্যা ৫০০৪ জন। অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন প্রায় ১১শত মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। উপজেলার কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা যায়- ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। কৃষক-কৃষাণীর মূখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। জমি পরিচর্যায় ব্যাস্ত হয়ে পড়েছেন। কিছু দিন পর এই শষ্য ঘরে তুলতে পারবেন। তাদের এই আশার ফসল সরিষার গাছ এর সবুজের ডগায় ডগায় হলুদ রঙ এর ফুল ফুটেছে। গাছে গাছে মনমাতানো সরষে ফুল মৃদু হাওয়ায় দুলছে। গাঢ় হলুদ বর্ণের এই ফুলে বিভিন্ন প্রজাতির মাছি আর ছোট পাখির গুঞ্জনে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। দূর থেকে মনে হয় প্রকৃতি প্রেমী কোনোজন সবুজ শ্যামলের মাঠে হলুদের চাদর বিছিয়ে রেখেছে। মাঠের পর মাঠ সরষে ক্ষেত প্রকৃতিতে অন্যমাত্রা এনে দিয়েছে। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে আর সরষে ফুলের ঘ্রাণ নিতে প্রকৃতিপ্রেমী লোকজন সরিষে ক্ষেতে প্রতিনিয়ত ভীর করার পাশা-পাশি ছবি তলায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার ফতেপুর ইউনিয়নে সরিষা আবাদকারী মো: খালিদবেশ কয়েকজন কৃষক একান্ত আলাপকালে তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, গত বছর সরিষার ভাল ফলন হয়েছে। তাই এবারও সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনায় ভাল বীজ ও সার পেয়েছি। কৃষি কর্মকর্তাগণ আমাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে আমাদেরকে হাতে কলমে দিক নির্দেশনা দিচ্ছেন। যেভাবে জমিতে সরষে ফল ফুটেছে আমরা আশাবাদী বাম্পার ফলন হবে। কেননা গত বছরের তুলনায় এবার আবহাওয়া অনূকূলে রয়েছে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুপ বড়ুযা বলেন,কম খরচে ও দ্রুত সময়ে (প্রায় ৭৫ দিনে) বেশি লাভজনক হওয়ায় কৃষকরা আমন ও বোরো ফসলের মধ্যবর্তী সময়ে বোনাস ফসল হিসেবে সরিষা চাষে ব্যাপক আগ্রহী।