আলীকদম সীমান্তে বিশুদ্ধ পানির সংকট
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘প্রেন্নই শিক্ষালয়’। দীর্ঘসময় ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে জীবন যাপন করছেন এখানে শিক্ষার্থীরা।
শিশুদের মধ্যে সুশিক্ষার আলো ছড়ানোর উদ্দেশে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে পানি ও খাদ্য সংকটে প্রায় অচল।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একমাত্র নির্ভরযোগ্য ছোট্ট ঝিরির পানির প্রবাহ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে একই স্থানে বহু মানুষ গোসল, কাপড় ধোয়া ও রান্না-বান্নার কাজে পানি ব্যবহার করছেন। একই সঙ্গে অনিরাপদ ওই পানি পান করায় শিশু ও গ্রামবাসীদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। গত কয়েকদিনে অন্তত ২০ জনের বেশি ছেলে-মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
অভিভাবকদের অভিযোগ, বিশুদ্ধ পানির অভাবে শিশুদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত অসুস্থ হয়ে পড়ায় পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করছে, যা অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।
এদিকে পার্বত্য জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা, একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং আবাসন সংকট নিরসনের আশ্বাস দিলেও বাস্তবে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এলাকাবাসীর দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত বাজেট আত্মসাৎ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, গভীর নলকূপ স্থাপন, স্বাস্থ্যসেবা চালু এবং প্রকল্পের সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।
