চট্টগ্রামে নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট উদ্বোধন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে প্রথমবারের মতো সাশ্রয়ী মূল্যে ‘নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট’ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনাকালে আইসিইউ সংকট যে ভয়াবহ বাস্তবতা সামনে এনেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় আইসিইউ সুবিধা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট’ যা চট্টগ্রামে এই ধরনের প্রথম উদ্যোগ এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আইসিইউ সেবা প্রদানের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উন্মোচিত হয়েছে।
স্টেপ ডাউন আইসিইউ হলো এমন একটি বিশেষায়িত চিকিৎসা ইউনিট, যেখানে গুরুতর অবস্থার রোগী প্রাথমিক সংকট কাটিয়ে ওঠার পরও নিবিড় পর্যবেক্ষণ ও আংশিক আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলে রাখা হয়। এটি পূর্ণাঙ্গ আইসিইউ-এর তুলনায় কম জটিল হলেও সাধারণ ওয়ার্ডের চেয়ে বেশি উন্নত সুবিধাসম্পন্ন- এখানে রোগীদের মনিটরিং, অক্সিজেন সাপোর্ট, ওষুধ ব্যবস্থাপনা এবং চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান অব্যাহত থাকে। ফলে রোগী ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হওয়ার সময় কম খরচে নিরাপদ চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হয়। এই ইউনিটে মাত্র সাড়ে ৪ হাজার টাকায় আইসিইউ বেড সুবিধাসহ অত্যন্ত কম খরচে সব আইসিইউ সেবা চালু করা হয়েছে, যা চট্টগ্রামের মধ্যে সর্বনিম্ন খরচের আইসিইউ সেবা হিসেবে বিবেচিত হবে। এই উদ্যোগের ফলে সাধারণের জন্য উন্নত মানের আইসিইউ সেবা আরও সহজলভ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস এর চেয়ারম্যান ওয়াহেদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান ও বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ, হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন এসিএ এফসিসিএ, চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাকালে আইসিইউর অভাবে রোগীদের যে হাহাকার আমরা দেখেছি, তা আমাদের জন্য বড় শিক্ষা। ভবিষ্যতে যেকোনো মহামারী বা স্বাস্থ্যসংকট মোকাবেলায় আইসিইউ সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।
চট্টগ্রামবাসীর জন্য সুলভ মূল্যে এমন আধুনিক স্টেপ ডাউন আইসিইউ সেবা চালু হওয়া সত্যিই একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ উন্নত ও নিবিড় চিকিৎসা আরও সহজে গ্রহণের সুযোগ পাবে। এপোলো ইম্পেরিয়াল হসপিটালস-এর এই উদ্যোগ নগরীর স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপন করবে এবং জনসেবায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সুলভ মূল্যে স্টেপ ডাউন আইসিইউ সেবা চালু হওয়া চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা সাধারণ মানুষের জন্য নিবিড় চিকিৎসা আরও সহজলভ্য করবে।
