রাউজানে লিচুর ফলন বিপর্যয়
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কামরুল ইসলাম বাবু, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলি ইউনিয়নের জগৎপুর আশ্রমের দেশি লিচুর জন্য ব্যাপক খ্যাতি রয়েছে। প্রতি বছর লিচুর মৌসুম এই পাহাড়ি এলাকার প্রায় বাগানগুলোতে লিচুর সমারোহ দেখা যায়।
তবে চলতি মৌসুমে অনাবৃষ্টি ও ফল আসার পর কয়েক দফা কালবৈশাখীর তাণ্ডবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এই এলাকার লিচুচাষীরা। দেখা গেছে, একেকটি বাগানের লিচুর বড় গাছের মধ্যে অনেকগুলো গাছই কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে ভেঙে পড়েছে।
লাভের মুখ দেখার সম্ভাবনা তো নেই উল্টো বাগান পরিচর্যায় রাখা শ্রমিকের মজুরি ও কীটনাশকের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে বাগান মালিকদের। এবছর বাগানে লিচু কিনতে এসে হতাশ হচ্ছেন পাইকারি ব্যবসায়ি ও ক্ষুদ্র ক্রেতারাও। তারা জানান পাহাড়ি এই লিচু বেশ সুস্বাদু হওয়ায় প্রতিবার কিনতে আসেন তারা।
এবছর লিচু আকারে ছোট। তাই বাগানে এসে হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে। এখানকার বাগান মালিকরা বলছেন
মুকুল আসার সময় বৃষ্টিপাত না হওয়ায় লিচুর ফলন ভাল হয়নি। ফলের আকারও ছোট। তারমধ্যে কালবৈশাখীতে ঝরে পড়েছে অনেক কাঁচা ফল। ফলসহ ডাল ভেঙেছে বহু গাছের।
গত বছর ১০০ লিচু পাইকারি ১৫০ থেকে ১৮০ বিক্রি হলেও এবার তা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম বিনিয়োগ করা অর্থ উঠে আসবে কিনা সেই শঙ্কার এখন বাগান মালিকেরা। এই পাহাড়ি জনপদে দেশি লিচুর পাশাপাশি বোম্বাই, বেদানা ও চায়না থ্রি জাতের লিচুর চাষ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও যায় সুস্বাদু এই লিচু।
