চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে সিএমপি’র ১৬ থানায় ১৪৯টি মামলা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন একটি করে মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়- পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে শিশু সুরক্ষায় কাজ করতে হবে। একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, মামলার ধীরগতি এবং জামিনে এসে আসামিদের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেক ক্ষেত্রে বছরের পর বছর মামলা নিষ্পত্তি না হওয়ায় ভুক্তভোগী পরিবার হতাশ হয়ে পড়ে এবং অপরাধীরা বিচারহীনতার সুযোগ পেয়ে যায়। বৃহস্পতিবার (২১ মে) নগরের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মনির হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
