তিন বছরেও শেষ হয়নি কালভার্ট নির্মাণ
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল পেতন আউলিয়া মাজার সড়কের একটি কালভার্টের নির্মাণকাজ দীর্ঘ তিন বছর ধরে ঝুলে রয়েছে। দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারের চরম অবহেলা ও ধীরগতির কারণে নির্মাণকাজটি দীর্ঘসূত্রতায় পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, কালভার্টের মূল কাঠামো দাঁড় করানো হলেও দুই পাশের সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড এখনো তৈরি করা হয়নি। ফলে কাঁচা মাটি ও বালির স্তূপ পেরিয়ে পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবীসহ সব শ্রেণির মানুষকে অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই সড়ক দিয়ে যেকোনো ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, একটি গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট তিন বছর ধরে এভাবে ফেলে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষের চলাচল কিছুটা নিরাপদ করতে কালভার্টের দুই পাশে আপাতত মাটি বা বালি ভরাট করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই জনদুর্ভোগের অবসান ঘটাতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সুদৃষ্টি ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
