আড়াই বছর ধরে পরিত্যক্ত রাউজান বিসিক শিল্পাঞ্চল

ছয় বছরেও মিলেনি পরিবেশ সনদ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামরুল ইসলাম বাবু, রাউজান (চট্টগ্রাম)

গত আড়াই বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাউজান বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন) শিল্পনগরীর বিশাল এলাকা। এরইমধ্যে ধসে পড়েছে সীমানা প্রাচীর, ভেতরের ভরাট মাটি নিচে নেমে যাচ্ছে বৃষ্টির পানির স্রোতে। রাস্তাগুলো ঢেকে গেছে ঝোপঝাড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায় ২০২১ সালে ৫০ থেকে ৭০ হাজার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বৃহত্তর পার্ব্বত্য জেলায় উৎপাদিত ফলমূল প্রক্রিয়াজাত করে বাজার জাত করার লক্ষ্য নিয়ে রাউজানে এই শিল্পনগরীর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। ৭৯ কোটি ৮৪ হাজার টাকার বিসিক শিল্প নগরী প্রকল্পে ১৮৪টি শিল্প প্লট তৈরি করে শিল্প উদ্যোক্তাদের দেওয়ার কথা ছিল। খবর নিয়ে জানা যায় ২১ সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হলেও প্রকল্প কর্তৃপক্ষ এখনও পরিবেশ অধিদপ্তরের চাহিদা অনুসারে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান(ইটিপি) বাস্তবায়ন করতে পারেনি। একারণে পায়নি পরিবেশ সনদ। বিসিক এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্র মতে এই প্রকল্প কাজের গতি কমতে শুরু করে ২০২৩ সাল থেকে। ওই সময়ের ক্ষমতাশীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নানামুখি প্রভাব বিস্তার চেষ্টা, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের নানা আবদারে কাজের একরকম স্থবিরতা আসে। এরই মধ্যে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এসব কারণে রাউজানের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি কাজ এগিয়ে নেয়ার বিষয়ে সংশ্লিষ্টরা ছিল সিদ্ধান্তহীনতা। পরে আসে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা। এখন ক্ষমতায় আছে নির্বাচিত সরকার। কিছু কিছু ক্ষেত্রে বিসিক কর্তৃপক্ষের দায়িত্বশীলদের উদাসিনতার কথা তুলে ধরে সূত্রটি। ২০২১ সালে প্রকল্প কাজ শুরুর পর থেকে ২০২৩ সালের শেষ সময় পর্যন্ত প্রকল্পের জমি অধিগ্রহণ, মাটি ভরাট, সীমানা প্রাচীর, রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সাবস্টেশন, গ্যাস লাইন নির্মাণ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। শুধু বাকি আছে শিল্প প্লট তৈরি করে শিল্প উদ্যোক্তদের প্লট দেওয়াসহ ছোটখাট কিছু কাজ। সম্প্রতি চট্টগ্রাম-রাঙামাটি চার লেন মহাসড়ক পথে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে রাউজান বিসিক শিল্প এলাকা পরিদর্শন করে দেখা গেছে রাউজান সদর ইউনিয়ন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্বাংশের জঙ্গল মৌজায় ৩৫ একর জায়গা জুড়ে থাকা শিল্পাঞ্চালের চতুর দিকে দেওয়া পাকা সীমানা প্রাচীর কয়েকটি স্থানে ধসে পড়েছে। বৃষ্টির পানিতে প্রকল্প এলাকার মাটি প্রাচীরের নিচ দিয়ে বাইরে নেমে গেছে। ভিতরের সব রাস্তা ঝোপঝাড়ে ডেকে আছে। স্থানীয়রা বলছে গত আড়াই বছর ধরে প্রকল্পের কাজ বন্ধ থাকায় এলাকার মানুষ হতাশ হয়েছে। তবে আশা ছাড়েনি, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, উন্নয়ন কাজ আবার শুরু হবে। তারা বলেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শিল্পাঞ্চল প্রকল্পটি কাজ শুরু করার উদ্যোগ নেবেন।

রাউজান বিসিক শিল্পাঞ্চলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে সংস্থাটির চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক এস এম এম আলমগীর আল কাদেরী বলেন প্রকল্পের সীমানা প্রাচীর ও মাটি ধস হয়েছে। এই ধসের জন্য তিনি ওই কাজের ঠিকাদার মেসার্স বোস্তামী নামের একটি জয়েনভেঞ্চার প্রতিষ্ঠানকে দায়ি করে বলেন তারা নিম্নমানের কাজ করার কারণে ধসের ঘটনা ঘটেছে। এই কর্মকর্তা জানান ধসের বিষয়টি ঠিকাদারকে জানিয়ে একাধিকবার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগাদা দেওয়া হয়েছিল। সর্বশেষ তাদের সাড়া না পেয়ে জামানতে টাকা জব্দ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া ও প্রকল্প কাজ আবার শুরু কখন করা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রকল্পের কিছু এলাকায় ট্রিটমেন্ট প্ল্যান করা আছে। পরিবেশে অধিদপ্তরের চাহিদা কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্ল্যান করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এখন যেসব প্রকল্পে ট্রিটমেন্ট প্ল্যান রাখা আছে সেগুলো দিয়ে বেশ কয়েকটি শিল্প কারখানা চালানো যাবে। নতুন করে কাজ কখন শুরু করা হবে জানতে চাইলে তিনি বলেন নতুন সরকার ক্ষমতায় এসেছে এরইমধ্যে তারা উন্নয়নমূলক কাজ শুরু করেছে। রাউজানের বিসিকের প্রকল্পের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।