বোয়ালখালীতে তীব্র যানজট
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিকাশ নাথ, বোয়ালখালী (চট্টগ্রাম)

গোমদণ্ডী রেলবিট এলাকা থেকে সিএ অফিস এবং কানুনগোপাড়া মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে ট্যাক্সি, মোটররিকশা ও টেম্পু দাঁড়িয়ে থাকে। পাশাপাশি অন্যান্য যানবাহনও যাত্রী ওঠানামার জন্য যেখানে-সেখানে থামায়। ফলে এই দুটি গুরুত্বপূর্ণ স্থানে প্রায় সারাক্ষণই তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, এসব অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরাতে বা নিয়ম মেনে চলার অনুরোধ করলে অনেক সময় চালকদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয়। তাদের দাবি, এটি নাকি তাদের নির্ধারিত স্টেশন। এদিকে, গোমদণ্ডী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও রাস্তার দুই পাশের বড় একটি অংশ ফেরিওয়ালাদের দখলে থাকে। এতে পথচারীরা বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে চলাচল করেন। ফলে যানবাহন চলাচলের জন্য মাত্র ৫-৬ ফুট জায়গা অবশিষ্ট থাকে। এর কারণে অল্প দূরত্ব অতিক্রম করতেই ১০-১৫ মিনিট সময় লেগে যায়। বিশেষ করে বড় ট্রাক বা বাস চলাচলের সময় যানজট ভয়াবহ রূপ নেয়।গোমদণ্ডী বোয়ালখালী উপজেলার প্রাণকেন্দ্র। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান অবস্থিত। অথচ দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনা চললেও কার্যকর সমাধান না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এলাকাবাসীর পক্ষ থেকে বোয়ালখালী উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ট্রাফিক বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ- অবৈধ যানবাহনের স্ট্যান্ড উচ্ছেদ, সড়ক দখলমুক্ত করা, ফেরিওয়ালাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। একটু সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগই পারে হাজারো মানুষের মূল্যবান সময় বাঁচাতে এবং গোমদণ্ডীর যানজট সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
