চট্টগ্রাম কাস্টমসে ডিপোভিত্তিক শুল্ক পরিচালনায় পৃথক ইউনিট

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বেসরকারি কনটেইনার ডিপোভিত্তিক শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক ‘কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম’ ১ আগস্ট থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে। এদিন থেকে নতুন ৩০৬ অফিস কোডের আওতায় ৬৫টি আমদানিপণ্যের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টম হাউস থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বেসরকারি অফডকগামী ৬৫টি আমদানিপণ্য এবং শতভাগ রপ্তানি পণ্যের দায়িত্ব নতুন কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রামের ওপর ন্যস্ত করেছে। তিনি আশা প্রকাশ করেন, এতে রাজস্ব আদায়ে গতি আসবে। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, ১ আগস্ট থেকে চট্টগ্রাম বন্দরের অফডকগামী ৬৫টি আমদানিপণ্যের বিল অব এন্ট্রি বাধ্যতামূলকভাবে ৩০৬ অফিস কোডে দাখিল করা হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের শতভাগ রপ্তানি কার্যক্রম এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নও এখন এই কমিশনারেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত কার্যক্রমের একটি বড় অংশ পৃথক প্রশাসনিক কাঠামোর আওতায় এল। সংশ্লিষ্টদের মতে, নতুন ব্যবস্থার মাধ্যমে অফডকভিত্তিক কাস্টমস কার্যক্রম আরও বিশেষায়িত ও গতিশীল হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে আইসিডি কাস্টমস হাউস, চট্টগ্রাম গঠনের কার্যক্রম শুরু হয়।