হাটহাজারী পৌরসভা ভবন ঝুঁকিপূর্ণ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে এখনও চলছে দাপ্তরিক কার্যক্রম। ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিনের পুরোনো হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ঝুঁকি এড়াতে দ্রুত তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ ভবনে প্রতিদিনই তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সেবা নিতে সাধারণ নাগরিকরাও এখানে আসেন। ফলে ভবনটির কোনো অংশ হঠাৎ ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। পৌরসভার সহকারী প্রকৌশলী সালমা খাতুন বলেন, ভবনটির বর্তমান অবস্থা নিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে থাকলে বিকল্প স্থানে কার্যক্রম পরিচালনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।পৌরসভার নির্বাহী নির্বাহী কর্মকর্তা নুরুল আফসার বলেন, পুরোনো ভবনের বিষয়ে কারিগরি দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবনটির প্রকৃত ঝুঁকি নিরূপণ করে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার। এই বিষয়ে পৌর প্রশাসক ও ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আমাদের পৌরভবন পুরাতন ও জরাজীর্ণ, এটাকে মেরামত করে পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছি। একেই সঙ্গে সরকারকে এই বিষয়ে অবগত করা হয়েছে নতুন জায়গা ও নতুন ভবনে নির্মান করা যায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম চালিয়ে না রেখে দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হোক।
