বর্ষার আবাহনে অনন্য রূপমুহুরী ঝর্ণা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নয়ন মনি তঞ্চঙ্গ্যা , আলীকদম (বান্দরবান)

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা যেন এক রূপকথার রাজ্য। পাহাড়, নদী আর অরণ্যের এই জনপদে ছড়িয়ে আছে অসংখ্য নাম না জানা ঝর্ণা। এর মধ্যে সাম্প্রতিক সময়ে ভ্রমণপিপাসুদের নজর কেড়েছে দুর্গম পোয়ামুহুরী এলাকার ‘রূপমুহুরী’ ঝর্ণা। বর্ষার আগমনী বার্তায় এই ঝর্ণাটি এখন ফিরে পেয়েছে তার পূর্ণ যৌবন। সুউচ্চ পাহাড়ের বুক চিরে ধবধবে সাদা পানির আছড়ে পড়ার দৃশ্য রূপমুহুরীকে করে তুলেছে অনন্য। রূপমুহুরী ঝর্ণার মূল সৌন্দর্য এর চারপাশের আদিম ও শান্ত পরিবেশ। পাথুরে পাহাড়ের গা বেয়ে তীব্র বেগে নেমে আসা জলধারা যখন নিচে পাথরের ওপর আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক ধোঁয়াশাময় পরিবেশ। ঝর্ণার পানির গর্জন বহুদূর থেকে শোনা যায়। বর্ষার শুরুতে চারপাশের পাহাড়গুলো ঘন সবুজে ছেয়ে যাওয়ায় ঝর্ণার সাদা পানির রূপ আরও বেশি খোলতাই হয়। প্রকৃতি যেন এখানে আপন মনে তার সৌন্দর্যের ডালি সাজিয়ে বসেছে। রূপমুহুরী ঝর্ণায় যাওয়ার পথটি একাধারে দারুণ রোমাঞ্চকর এবং দৃষ্টিনন্দন। আলীকদম সদর থেকে প্রথমে মাতামুহুরী নদীর বুক চিরে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) করে যেতে হয় দুর্গম পোয়ামুহুরীর দিকে। বর্ষার শুরুতে মাতামুহুরী নদী যখন পানিতে টইটম্বুর থাকে, তখন দুপাশের সুউচ্চ পাহাড় আর মেঘ-বৃষ্টির খেলা দেখতে দেখতে নৌভ্রমণের অভিজ্ঞতা আজীবন মনে রাখার মতো। পোয়ামুহুরী ঘাট থেকে নেমে কিছুটা পথ পাহাড়ি ঝিরিপথ ও জঙ্গল মাড়িয়ে হেঁটে পৌঁছানো যায় এই রূপমুহুরী ঝর্ণায়।
ঝর্ণায় যাওয়ার পথে দেখা মেলে স্থানীয় ম্রো, মারমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা। পাহাড়ি ঢালুতে তাদের জুম চাষ এবং নদীর ওপর নির্ভরশীল জীবনধারা এই ভ্রমণকে আরও অর্থপূর্ণ করে তোলে।
বর্ষার শুরুতে পাহাড়ি ঝিরিপথগুলো বেশ পিচ্ছিল থাকে এবং মাতামুহুরী নদীতে তীব্র স্রোত থাকে। তাই ভ্রমণের সময় অবশ্যই ভালো গ্রিপের জুতা ও লাইফ জ্যাকেট ব্যবহার করা উচিত। দুর্গম অঞ্চল হওয়ায় স্থানীয় অভিজ্ঞ গাইড সঙ্গে নেওয়া বাধ্যতামূলক। ঝর্ণা ও তার চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। কোনো ধরনের প্লাস্টিক, পলিথিন বা বর্জ্য ফেলে প্রকৃতির ক্ষতি করা থেকে বিরত থাকুন। কোলাহলমুক্ত পরিবেশে যারা প্রকৃতির আসল রূপ আর রোমাঞ্চের স্বাদ নিতে চান, তাদের জন্য বর্ষার এই সময়ে আলীকদমের রূপমুহুরী ঝর্ণা হতে পারে এক আদর্শ গন্তব্য।
