নির্মাণ হচ্ছে আধুনিক এসটিএস বদলাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ২ নম্বর গেট এলাকায় আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর কাজের উদ্বোধন করা হয়েছে। চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগ ও পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে এ আধুনিক এসটিএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ২ নম্বর গেট ও আশপাশের এলাকার সংগৃহীত বর্জ্য নির্ধারিত স্থানে এনে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং পরবর্তীতে দ্রুত অপসারণ করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে এ এলাকায় প্রাথমিকভাবে সংগৃহীত বর্জ্য রাখার জন্য আধুনিক ও স্থায়ী ব্যবস্থাপনার ঘাটতি ছিল। ফলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতো। নতুন এসটিএস চালু হলে এসব সমস্যার অনেকটাই নিরসন হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক এসটিএসের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে। নির্ধারিত স্থানে বর্জ্য স্থানান্তর ও সংরক্ষণের পাশাপাশি দ্রুত অপসারণের সুযোগ তৈরি হবে। এতে উন্মুক্ত স্থানে বর্জ্য রাখার প্রবণতা কমবে এবং ২ নম্বর গেইট এলাকার পরিবেশ ও নান্দনিকতা আরও উন্নত হবে। চসিকের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তাঁর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
